কালবেলা · রাজনীতি
প্রধানমন্ত্রীর প্রেস সচিবের স্টাফ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ১
২৪/১০/২০২৬

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিবের অফিস স্টাফ পরিচয়ে সরকারি সুযোগ-সুবিধা ও বিএনপির রাজনৈতিক পদে পদায়নের প্রলোভন দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগে আবু হুরায়রা খালেদ রাশেদ (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। নাটোরের সিংড়া উপজেলার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
শনিবার (২৪ অক্টোবর) দুপুর ১২টার দিকে নাটোরের পুলিশ সুপারের কার্যালয়ের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার শরিফুল হক।
গ্রেপ্তার রাশেদ সিংড়া উপজেলার বালুয়া-বাসুয়া গ্রামের জিয়াদুল ইসলামের ছেলে। পুলিশ জানায়, তিনি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জেলার রাজনৈতিকভাবে প্রভাবশালী ব্যক্তি, সরকারি চাকরিজীবীসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিজেকে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনের অফিস স্টাফ হিসেবে পরিচয় দিয়ে আসছিলেন।
এই পরিচয় ব্যবহার করে রাশেদ ও তার সহযোগীরা সরকারি সুযোগ-সুবিধা পাইয়ে দেওয়া এবং বিএনপির রাজনৈতিক পদে পদায়ন বা মনোনয়ন দেওয়ার আশ্বাস দিয়ে বিভিন্ন ব্যক্তির কাছে টাকা দাবি করতেন বলে অভিযোগ রয়েছে। এ কাজে হোয়াটসঅ্যাপের পাশাপাশি বিকাশ, নগদ, রকেটসহ বিভিন্ন মোবাইল আর্থিক সেবা ব্যবহার করা হতো।
পুলিশের তথ্য অনুযায়ী, গত ১৯ অক্টোবর বিকেল সোয়া ৩টার দিকে রাশেদ নিজের বাড়ি থেকে ভুক্তভোগী কাদের গনি চৌধুরীর মোবাইল নম্বরে হোয়াটসঅ্যাপে ফোন করেন। এ সময় তিনি নিজেকে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিবের অফিস স্টাফ পরিচয় দিয়ে বিএনপির মনোনীত রাজনৈতিক পদে পদায়নের জন্য একটি ফরম পূরণের কথা বলেন। এভাবে তিনি ওই ব্যক্তির কাছ থেকে টাকা আদায় করেন বলে অভিযোগ রয়েছে।
এ ছাড়া ব্যারিস্টার নাসিরউদ্দিনের কাছেও একই পরিচয়ে রাজনৈতিক পদে পদায়নের জন্য অনলাইনে ফরম পূরণের কথা বলে টাকা দাবি করার তথ্য পেয়েছে পুলিশ। বিষয়টি একপর্যায়ে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনের নজরে আসে।
পুলিশ আরও জানায়, রাশেদ ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত সিংড়া পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। পরে ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত বাংলাদেশ বেতারের রংপুর কেন্দ্রে রেডিও টেকনিশিয়ান পদে সরকারি চাকরি করেন। রংপুরে কর্মরত অবস্থায় একই ধরনের প্রতারণার মামলায় তিনি সাময়িক বরখাস্ত হন বলে জানিয়েছে পুলিশ। তার বিরুদ্ধে আগেও সাইবার অপরাধ ও প্রতারণার একাধিক মামলা রয়েছে।
পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে নাটোর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এ ঘটনায় সিংড়া থানায় সাইবার সুরক্ষা আইন ও প্রতারণার অভিযোগে মামলা হয়েছে।
পুলিশ জানিয়েছে, এ প্রতারণার সঙ্গে জড়িত অন্য পলাতক সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
মূল প্রতিবেদনে যান ↗