মা ইলিশ সংরক্ষণে মানিকগঞ্জের দৌলতপুরে যমুনা নদী ও বিভিন্ন মাছঘাটে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। শুক্রবার (২৩ অক্টোবর) পরিচালিত এ অভিযানে একজন জেলেকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় প্রায় ১৬ কেজি ইলিশ মাছ এবং ২ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিলভিয়া স্নিগ্ধার নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। এর সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা সুরাইয়া আক্তার তন্নী।
অভিযান চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি নৌ পুলিশ, কোস্ট গার্ড, আনসার এবং সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
অভিযানে আটক জেলেকে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে জব্দ করা ২ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জনসমক্ষে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
এদিকে জব্দ করা প্রায় ১৬ কেজি ইলিশ মাছ স্থানীয় আসমা বিনতে আবু বক্কর (রা.) মহিলা মাদ্রাসা এবং খাদিজাতুল কুবরা (রা.) মহিলা মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করা এবং দেশের মৎস্যসম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ইলিশের প্রজনন ও মৎস্যসম্পদের টেকসই সংরক্ষণে প্রশাসন ও মৎস্য বিভাগের পাশাপাশি সাধারণ মানুষকেও সহযোগিতার আহ্বান জানান তাঁরা।
এই বাংলা/এমএস
