নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিল্লাল মাদবরের মালিকানাধীন একটি ঝুটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (২১ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার তারাব বিশ্বরোড এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে গোডাউনে থাকা প্রায় ৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার রাত সাড়ে ১১টার দিকে হঠাৎ গোডাউনে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের শিখা ছড়িয়ে পড়ে এবং ভয়াবহ রূপ ধারণ করে। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীদের প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
গোডাউনের মালিক বিল্লাল মাদবর জানান, অগ্নিকাণ্ডের সময় তিনি বাড়িতে ছিলেন। গোডাউনে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে তিনি মালামাল পুড়ে ছাই হয়ে যেতে দেখেন। গোডাউনটিতে প্লাস্টিকের ড্রামসহ বিভিন্ন ধরনের প্লাস্টিকজাতীয় সামগ্রী ছিল। আগুনে প্রায় ৫ লাখ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেন তিনি।
