যুক্তরাজ্যের মুসলিম জনগোষ্ঠীর মধ্যে হতাশা ও আত্মহত্যা প্রতিরোধে ব্যাপক প্রচার-প্রচারণা চালানো হয়েছে। যা কয়েক লাখ মানুষের কাছে পৌঁছেছে। মানসিক স্বাস্থ্য নিয়ে সামাজিক সংকোচ ও নেতিবাচক ধারণা দূর করতে মসজিদ, মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ এবং বিভিন্ন বড় সংগঠন এতে একযোগে কাজ করেছে।
ইসলামবিষয়ক ওয়েবসাইট ইসলাম২১সি (Islam21c) পরিচালিত ‘হোল্ড অন’ শীর্ষক এই প্রচারণার লক্ষ্য ছিল আত্মহত্যা, হতাশা ও মানসিক সুস্থতা নিয়ে খোলামেলা আলোচনা উৎসাহিত করা। একই সঙ্গে মানুষের কাছে বাস্তবসম্মত, উপযুক্ত এবং মুসলিম সংস্কৃতি ও মূল্যবোধের প্রতি সংবেদনশীল সহায়তা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়।
আয়োজকরা জানিয়েছেন, প্রচারণার প্রথম সপ্তাহে ইসলাম২১সির বিভিন্ন প্ল্যাটফর্মে প্রকাশিত বিষয়বস্তু দুই লাখ ৭৫ হাজারেরও বেশিবার দেখা হয়েছে। এসব বিষয়বস্তু দেখার মোট সময় ছিল দুই হাজার ৭০০ ঘণ্টারও বেশি। প্রচারণার জন্য তৈরি পৃথক ওয়েবসাইট ‘হোল্ড অন’-এও চার হাজার ২০০-এরও বেশি স্বতন্ত্র দর্শনার্থী প্রবেশ করেছেন।
ব্রিটিশ মুসলিম কাউন্সিলসহ ৩৬টিরও বেশি সংগঠন এই প্রচারণায় সহযোগিতা করেছে। পাশাপাশি অন্তত ২১টি মসজিদে জুমার খুতবায় আশা, মানসিক সুস্থতা এবং মানসিক সংকটে থাকা মানুষের পাশে দাঁড়াতে সমাজের দায়িত্ব নিয়ে আলোচনা করা হয়েছে। এই উদ্যোগে ধর্মীয় আলেমদের পাশাপাশি যোগ্য মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞদেরও যুক্ত করা হয়।
আয়োজকদের মতে, আধ্যাত্মিক পরিচর্যা ও পেশাদার মনস্তাত্ত্বিক সহায়তা পরস্পরের পরিপূরক হতে পারে। ‘হোল্ড অন’ প্রচারণায় মানসিক সংকটকে ব্যক্তিগত ব্যর্থতা কিংবা ধর্মীয় দুর্বলতা হিসেবে দেখার পরিবর্তে সহমর্মিতা, সময়মতো সহায়তা প্রদান এবং প্রয়োজন অনুযায়ী পেশাদার চিকিৎসা ও পরামর্শ নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
