বিশ্ব পোলিও দিবস উপলক্ষে আজ (২৪ অক্টোবর) চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তন কেন্দ্র থেকে রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৬৫-এর রিপসা টিমের উদ্যোগে চট্টগ্রামে একটি বর্ণাঢ্য র্যালি ও সচেতনতামূলক কর্মসূচি রোটারিয়ান পিপি মানতাকা জামান কাপ্পীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “পোলিওমুক্ত বিশ্ব গড়তে জনসচেতনতা বৃদ্ধি ও শিশুদের নিয়মিত টিকাদান নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পোলিও নির্মূলে রোটারি ইন্টারন্যাশনালের দীর্ঘদিনের অবদান সত্যিই প্রশংসনীয়। শুধু পোলিও নির্মূলই নয়, শিক্ষা, স্বাস্থ্যসেবা, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং সমাজের সার্বিক উন্নয়নে রোটারি যে মানবিক ভূমিকা পালন করে আসছে, তা অনুকরণীয়। একটি সুস্থ, সুন্দর ও মানবিক সমাজ গড়তে সরকারের পাশাপাশি রোটারির মতো স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সম্মিলিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিশেষ অতিথি স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. ফজলে রাব্বী, রিপসা কমিটির অ্যাডভাইজার ও ডেপুটি কান্ট্রি কো-অর্ডিনেটর পিডিজি আব্দুল আহাদ। আমন্ত্রিত অতিথির উপস্থিতিতে সুবিধাবঞ্চিত পিছিয়ে পড়া নারীকে আর্থিক উন্নয়নের জন্য সেলাই মেশিন হস্তান্তর করা হয়।
- Advertisement -
অনুষ্ঠানের সার্বিক আয়োজন ও সমন্বয় কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন কো-অর্ডিনেটর সিপি নজরুল ইসলাম নান্টু, পিপি মিনহাজ ইউ নাহিয়ান, পিপি ইব্রাহিম হাসান, ডিপুটি কো-অর্ডিনেটর পিপি সুদীপ কুমার চন্দা, রেজিস্ট্রেশন চেয়ারম্যান পিপি তাহিয়া কবির, রেজিস্ট্রেশন কো-চেয়ার পি পি জাহিদুল ইসলাম এবং অ্যাসিস্ট্যান্ট কো-অর্ডিনেটর ইভেন্ট প্রোমোশন চেয়ারম্যান পিপি হাসানুজ্জামান শান্টু।
এছাড়াও বিশ্ব পোলিও দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালিতে উপস্থিত ছিলেন রিপসা’ র সিনিয়র কো-অর্ডিনেটর পিপি আবু তৈয়ব, পিপি মনিরুজ্জামান, পিপি ফেরদৌস আরা,সিনিয়র স্পেশাল এইড পিপি আফতাব উদ্দিন সিদ্দিকী, পিপি রিজওয়ান শাহিদীননও পিপি এমদাদুল আজিজ চৌধুরী।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রিপসা কমিটির সিনিয়র কো-অর্ডিনেটরবৃন্দ, রোটারি ডিস্ট্রিক্টের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, বিভিন্ন রোটারি ক্লাবের প্রেসিডেন্ট, সাবেক প্রেসিডেন্ট, ক্লাব সদস্যবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিরা।
আয়োজকেরা জানান, পোলিও নির্মূলে রোটারি ইন্টারন্যাশনাল দীর্ঘদিন ধরে বিশ্বব্যাপী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। পোলিও প্রতিরোধে গণসচেতনতা বৃদ্ধি, শিশুদের নিয়মিত টিকাদান নিশ্চিতকরণ এবং সমাজের সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত করার মাধ্যমে একটি সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ গড়ে তোলাই এ কর্মসূচির অন্যতম উদ্দেশ্য। র্যালিতে অংশগ্রহণকারীরা পোলিওমুক্ত বিশ্ব গড়ার প্রত্যয় ব্যক্ত করেন এবং রোটারি ইন্টারন্যাশনালের বিশ্বব্যাপী ‘End Polio Now’ কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করেন।
অনুষ্ঠানে রোটারি নেতৃবৃন্দ পোলিও নির্মূলে সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখার পাশাপাশি মানবিক সেবামূলক কার্যক্রম আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা একটি পোলিওমুক্ত বিশ্ব গড়ার লক্ষ্যে সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।রোটারিয়ানদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, সাংগঠনিক সমন্বয় এবং মানবিক সেবার অঙ্গীকারের মধ্য দিয়ে বিশ্ব পোলিও দিবসের এ কর্মসূচি সম্পন্ন হয়।

