সপ্তাহে অন্তত ৪০টি প্রেমের প্রস্তাব পান অভিনেতা ডি এ তায়েব। অনেকে তাকে ছুঁয়েও দেখতে চান। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটি জানিয়েছেন এই অভিনেতা।
ডি এ তায়েবের এমন বক্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা চলছে। এবার সেই প্রসঙ্গ টেনে ফেসবুকে নিজের প্রেমের অভিজ্ঞতা নিয়ে আক্ষেপ প্রকাশ করলেন অভিনেতা ও পরিচালক শাহরিয়ার নাজিম জয়।
ডি এ তায়েবের বক্তব্যসংবলিত একটি ফটোকার্ড শেয়ার করে জয় লিখেছেন, ‘তায়েব ভাই সপ্তাহে ৪০টি প্রেমের প্রস্তাব পান। আর আমি গত ৪০ বছরে একটি প্রেমের প্রস্তাবও পাইনি। তবে দিয়েছি অনেক।’
এরপর নিজের ভবিষ্যৎ ভাবনা জানিয়ে জয় লেখেন, ‘ভবিষ্যতে আর প্রস্তাব পাবো না কখনোই এটা আমি জানি। মনস্থির করেছি আর প্রস্তাব দেবোও না। অবহেলার এবং অপমানের একটা শেষ তো হওয়া উচিত। ওরা তায়েব ভাইকে নিয়ে খুশি থাকুক।’
জয়ের এই পোস্টে উঠে এসেছে প্রেমের প্রস্তাব দেওয়া, প্রত্যাখ্যান আর অবহেলার প্রসঙ্গ। ডি এ তায়েবের সপ্তাহে ৪০টি প্রেমের প্রস্তাব পাওয়ার বক্তব্যের বিপরীতে নিজের ৪০ বছরের অভিজ্ঞতা তুলে ধরে রসিকতা ও অভিমানের মিশেলেই কথাগুলো লিখেছেন এই অভিনেতা।
জয়ের পোস্টটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে কৌতূহল তৈরি হয়েছে। তবে তার বক্তব্যের পেছনে কোনো নির্দিষ্ট ঘটনা রয়েছে কি না, তা পোস্টে স্পষ্ট করেননি অভিনেতা।