জিবুতির উপকূলে অভিবাসীবাহী একটি নৌকা ডুবে অন্তত ১৩৯ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও ৮৪ জন। নিহতদের মধ্যে ১৫টি শিশু রয়েছে।
জাতিসংঘের অভিবাসনবিষয়ক সংস্থা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
আইওএমের তথ্য অনুযায়ী, বেঁচে যাওয়া ব্যক্তিদের বরাতে জানা গেছে, বৃহস্পতিবার রাতে নৌকাটি ডুবে যাওয়ার ঘটনা ঘটে। শুক্রবার ভোর হওয়ার আগপর্যন্ত এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে। জিবুতির পূর্ব উপকূলের কাছে গুহেরে এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানটি এডেন উপসাগরে বাব আল-মান্দেব প্রণালীর কাছাকাছি।
নৌকাটিতে ৩০০ জনের বেশি যাত্রী ছিলেন। এটি জিবুতি থেকে ইয়েমেনের উদ্দেশে যাত্রা করেছিল। দুর্ঘটনার পর ৮০ জনের বেশি যাত্রী প্রাণে বেঁচে যান। তাদের সবাই ইথিওপিয়ার নাগরিক। এদিকে নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে জিবুতির কর্তৃপক্ষের উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
জিবুতিতে আইওএমের মিশনপ্রধান আলেক্সান্দ্রে কোয়েসাক বলেন, জরুরি সহায়তা দিতে সংস্থাটির কর্মীরা স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছেন। এ ঘটনায় প্রাণহানির সংখ্যাকে তিনি ‘ভয়াবহ’ বলে উল্লেখ করেন।
কোয়েসাক বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) জানান, নিহতের যে সংখ্যা জানানো হয়েছে, তা কেবল জিবুতির কর্তৃপক্ষের দাফন করা মরদেহের হিসাব। অভিবাসীদের কেউ কেউ নিজেরাই মরদেহ দাফন করেছেন। কর্তৃপক্ষ সেগুলো যাচাই করার পরই সরকারি হিসাবে যুক্ত করা হবে।
তিনি আরও বলেন, অর্থনৈতিক সুযোগের সন্ধানে এই অভিবাসনপথ পাড়ি দিতে গিয়ে মানুষ কী ধরনের ঝুঁকির মুখে পড়েন, এ দুর্ঘটনা তারই ভয়াবহ স্মারক।
