রোহিত হোসেন রনি : যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়নের আটটি সার্বজনীন দুর্গাপূজামন্দিরে আর্থিক সহায়তা দিয়েছেন ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ধর্মতলা বাজার কমিটির সভাপতি জাহিদুল ইসলাম ডালিম। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) প্রতিটি মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে তিনি এ অনুদান তুলে দেন। একই সঙ্গে ইউনিয়নের ভেকুটিয়া গ্রামের অসহায় নারী সুকজাহানকে বসতঘরের জরাজীর্ণ অবস্থা বিবেচনায় এক বান টিন উপহার দেন তিনি।
শারদীয় দুর্গাপূজা সুন্দর ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে এ আর্থিক সহায়তা দেওয়া হয়। অনুদান পাওয়া মন্দিরগুলো হলো—আদিবাসী সর্বজনীন পূজামন্দির, পাকদিয়া সর্বজনীন পূজামন্দির, মন্ডলগাতি সর্বজনীন পূজামন্দির, সুজলপুর সর্বজনীন পূজামন্দির, বী পতেঙ্গালি সর্বজনীন পূজামন্দির, ভেকুটিয়া সর্বজনীন পূজামন্দির, খোলাডাঙা সর্বজনীন পূজামন্দির. মাঠপাড়া সর্বজনীন পূজামন্দির।
মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদকেরা জানান, প্রতিবছরের মতো এবারও জাহিদুল ইসলাম ডালিম তাঁদের পাশে দাঁড়িয়েছেন। পূজার আয়োজনসহ বিভিন্ন প্রয়োজনে তাঁর কাছে সহযোগিতা চাইলে তিনি সাধ্যমতো সহায়তা করার চেষ্টা করেন বলে জানান তাঁরা। তাঁদের ভাষ্য, শুধু পূজামন্দির নয়, এলাকার অসহায় ও দরিদ্র মানুষও বিপদে পড়ে তাঁর কাছে গেলে সাধ্য অনুযায়ী সহযোগিতা পান। এ সময় তাঁরা তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাঁর জন্য দোয়া করেন।
অন্যদিকে, ভেকুটিয়া গ্রামের বাসিন্দা সুকজাহানের বসতঘরের টিন বিভিন্ন স্থানে ফুটো হয়ে যাওয়ায় বৃষ্টির সময় ঘরের ভেতরে পানি পড়ত। ঘরের কয়েকটি স্থানে পলিথিন দিয়ে সাময়িকভাবে পানি আটকানোর চেষ্টা করছিলেন তিনি। আর্থিক অসচ্ছলতার কারণে ঘরটি মেরামত করতে না পেরে দুর্ভোগে দিন কাটছিল তাঁর। পরে বিষয়টি জাহিদুল ইসলাম ডালিমকে জানালে তিনি তাঁকে এক বান টিন উপহার দেন।
টিন পেয়ে উপকৃত হওয়ার কথা জানিয়ে সুকজাহান বলেন, ঘরের টিন ফুটো থাকায় বৃষ্টির সময় খুব কষ্ট হতো। নতুন টিন পেয়ে তাঁর অনেক উপকার হয়েছে। এ জন্য তিনি জাহিদুল ইসলাম ডালিমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাঁর জন্য দোয়া করেন।
জাহিদুল ইসলাম ডালিম বলেন, সমাজের বিত্তবান ব্যক্তিরা এগিয়ে এলে নিম্ন আয়ের মানুষ, দরিদ্র ও অসহায় পরিবারগুলো উপকৃত হবে। সবাই নিজ নিজ সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে দাঁড়ালে সমাজে পারস্পরিক সহযোগিতা বাড়বে এবং অসহায় মানুষের দুর্ভোগ কমবে। তিনি সমাজের বিত্তবানদের মানবিক কাজে এগিয়ে আসার আহ্বান জানান।
