জন্মদিন তার কাছে বছরের সবচেয়ে প্রিয় দিন। তবে এই দিনেই জীবন থেকে আরও একটি বছর চলে যাওয়ার অনুভূতিও কাজ করে। গত কয়েক বছরে জন্মদিনকে ঘিরে নানা অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন অভিনেত্রী সোহানা সাবা। কখনো পরিচিতদের শুভেচ্ছা থেকে নিজেকে আড়াল করে রেখেছেন, আবার কখনো অপরিচিত মানুষের ভালোবাসায় হয়েছেন অভিভূত। এবারের জন্মদিনে সেই ভালোবাসায় সিক্ত হয়ে নিজের অনুভূতি প্রকাশ করেছেন তিনি। নিজের ফেসবুক পোস্টে জন্মদিন, জীবনের নানা অভিজ্ঞতা, নিজের বিশ্বাস ও আদর্শ এবং মুক্তভাবে পৃথিবী ঘুরে বেড়াতে না পারার আক্ষেপের কথা তুলে ধরেছেন সোহানা সাবা।
অভিনেত্রী লেখেন, জন্মদিনে তার মন এমনিতেই ভালো থাকে। মনে হয়, এই দিনেই পৃথিবীতে এসেছিলেন তিনি, দিনটি শুধুই তার। তবে একই সঙ্গে জীবন থেকে আরও একটি বছর চলে যাওয়ার মন খারাপও থাকে। জীবনের বিভিন্ন সময়ে জন্মদিনকে ভিন্নভাবে দেখেছেন তিনি। এমন সময়ও গেছে, যখন অশান্তির কারণে জন্মদিনে নিজেকে সবার কাছ থেকে আড়াল করে রাখতেন, যেন কেউ শুভেচ্ছা জানাতে না পারেন।
জন্মদিন নিয়ে সেই অনুভূতি বদলে যাওয়ার কথাও জানিয়েছেন সাবা। একসময় মানুষের শুভেচ্ছা, প্রশংসা ও ভালোবাসা উপভোগ করতে শুরু করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সবার সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়াও ভালো লাগতে থাকে তার।
ছোটবেলা থেকেই সাংস্কৃতিক পরিবেশে বেড়ে উঠেছেন সোহানা সাবা। মায়ের আগ্রহ ও অনুপ্রেরণায় নাচ শেখা শুরু করেন তিনি। বুলবুল ললিতকলা একাডেমি ও ছায়ানটে শাস্ত্রীয় নাচের প্রশিক্ষণ নিয়েছেন এই অভিনেত্রী। প্রায় ১৪ বছর নাচের চর্চা করেছেন তিনি। মঞ্চে নৃত্য পরিবেশনের মধ্য দিয়ে ধীরে ধীরে ক্যামেরার সামনেও কাজ করার অভিজ্ঞতা হয় তার। পরে টেলিভিশন নাটক ও বিজ্ঞাপনে কাজ শুরু করেন সাবা।
অভিনয় দিয়ে পরিচিতি পাওয়ার পর বড়পর্দায়ও নিজের অবস্থান তৈরি করেন তিনি। কবরী পরিচালিত ‘আয়না’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন সোহানা সাবা। তবে মুক্তির হিসেবে মোরশেদুল ইসলাম পরিচালিত ‘খেলাঘর’ তার প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা।
