কিশোরগঞ্জের কটিয়াদীতে প্রয়াত ওয়ার্ড বিএনপির সভাপতির বিধবা স্ত্রীকে স্বাবলম্বী করে তুলতে সেলাই মেশিন উপহার দিয়েছে উপজেলা জামায়াতে ইসলামী। দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে নেওয়া এ উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন প্রয়াত নেতার স্ত্রী ঝুমা আক্তার।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে উপজেলার বনগ্রাম ইউনিয়নের উত্তর জামষাইট গ্রামে প্রয়াত মো. সাইফুল ইসলামের বাড়িতে গিয়ে তার স্ত্রীর হাতে সেলাই মেশিনটি তুলে দেন জামায়াতের স্থানীয় নেতারা।
জানা গেছে, মো. সাইফুল ইসলাম বনগ্রাম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন। তার মৃত্যুর পর পরিবারের আর্থিক সংকট মোকাবিলা ও স্ত্রীর জীবিকার পথ তৈরি করতে সেলাই মেশিন দেওয়ার উদ্যোগ নেয় জামায়াতে ইসলামী।
এ সময় উপস্থিত ছিলেন, কটিয়াদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মাহমুদুল হাসান, বনগ্রাম ইউনিয়ন জামায়াতের সভাপতি অধ্যাপক মাওলানা আবু ইছা, ইউনিয়ন প্রচার সেক্রেটারি হাফিজুর রহমান, ওয়ার্ড জামায়াতের সভাপতি মাওলানা মো. ইদ্রিস আলী, পেশাজীবী ইউনিয়নের সভাপতি মো. কামাল উদ্দিন, সমাজসেবক চেরাগ আলী ও মো. মিজানুর রহমানসহ স্থানীয় নেতারা।
সেলাই মেশিন পেয়ে ঝুমা আক্তার বলেন, ‘আমার স্বামী বিএনপির ওয়ার্ড সভাপতি ছিলেন। আমরা বিএনপির রাজনৈতিক পরিবারের হলেও জামায়াতে ইসলামী দল-মতের ঊর্ধ্বে উঠে আমার পাশে দাঁড়িয়েছে। আমার তিনটি মেয়ে রয়েছে। এ সহযোগিতা আমার পরিবারের জন্য অনেক বড় প্রাপ্তি।’
তিনি আরও বলেন, মানুষের বিপদে পাশে দাঁড়ানোর ক্ষেত্রে দলীয় ভেদাভেদ থাকা উচিত নয়। জামায়াতে ইসলামীর এ মানবিক উদ্যোগের জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সেলাই মেশিন বিতরণ শেষে প্রয়াত সাইফুল ইসলামের রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়।
