নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শুক্রবার (১৬ অক্টোবর) দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও প্রচার ও মিডিয়া সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানান।
বিবৃতিতে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, গত ১৫ অক্টোবর রাত ৮টার দিকে দুর্গাপুর উপজেলায় কলমাকান্দা পৌরসভার শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের তেলনজিয়া বাজারে একটি দোকানে বসে থাকা অবস্থায় একদল দুর্বৃত্ত সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যা করে। তিনি বেসরকারি আইপিটিভি চ্যানেল রূপসী বাংলার নেত্রকোনা প্রতিনিধি ছিলেন। এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
জুবায়ের বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির কারণে এ ধরনের হত্যাকাণ্ড প্রায়ই ঘটছে। এতে নাগরিকেরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। সাংবাদিক লুৎফুজ্জামানের হত্যাকাণ্ড পরিকল্পিত বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনা দেশে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালন ক্রমেই ঝুঁকিপূর্ণ হয়ে ওঠার বিষয়টি তুলে ধরছে।
তিনি আরও বলেন, সাংবাদিক লুৎফুজ্জামান হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে অপরাধীদের দ্রুত গ্রেফতার ও বিচারের আওতায় আনতে সরকার এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে নিহতের মাগফিরাত কামনা করছি এবং তাঁর পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও শোক প্রকাশ করছি।
এমএমটি
-20261016062149.jpg&w=1440&q=75)