বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডস ২০২৬-এ ফিনটেক ইনোভেশন অব দ্য ইয়ার-টেক বিভাগে পুরস্কার জিতেছে গোল্ড কিনেন টেকনোলজিস লিমিটেড। একই আয়োজনে ফিনটেক ইনোভেশন অব দ্য ইয়ার-ফাইন্যান্সিয়াল ইনক্লুশন বিভাগেও সম্মানজনক স্বীকৃতি পেয়েছে প্রতিষ্ঠানটি। এ নিয়ে টানা দ্বিতীয় বছর এ পুরস্কার আয়োজনে স্বীকৃতি পেল গোল্ড কিনেন।
চতুর্থ বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে ‘ডেমোক্র্যাটাইজিং গোল্ড সেভিং: টেকনোলজি-এনাবলড ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ফর বাংলাদেশ’ শীর্ষক উদ্ভাবনের জন্য প্রযুক্তি বিভাগে পুরস্কার অর্জন করে প্রতিষ্ঠানটি। অন্যদিকে, ‘মেকিং গোল্ড অ্যাক্সেসিবল: আ নিউ পাথ টু ফাইন্যান্সিয়াল ইনক্লুশন’ শীর্ষক উদ্যোগের জন্য আর্থিক অন্তর্ভুক্তি বিভাগে সম্মানজনক স্বীকৃতি পায় তারা।
গোল্ড কিনেনের তিন প্রতিষ্ঠাতা-প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও সহপ্রতিষ্ঠাতা কামরান সাঞ্জয় রহমান, প্রধান বাণিজ্যিক কর্মকর্তা (সিসিও) ও সহপ্রতিষ্ঠাতা রাফাতুল বারী লাবিব এবং প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) ও সহপ্রতিষ্ঠাতা আতেফ হাসান ঈসা পুরস্কার দুটি গ্রহণ করেন।
এর আগে, ২০২৫ সালে তৃতীয় বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে ‘ফিনটেক স্টার্টআপ অব দ্য ইয়ার’ বিভাগে সম্মানজনক স্বীকৃতি পেয়েছিল গোল্ড কিনেন। প্রতিষ্ঠানটির ভাষ্য, এবারের অর্জন প্রযুক্তির মাধ্যমে দেশের আরও বেশি মানুষের কাছে সোনা সঞ্চয়ের সুযোগ পৌঁছে দেওয়ার ধারাবাহিক প্রচেষ্টার স্বীকৃতি।
গোল্ড কিনেন একটি প্রযুক্তিনির্ভর সোনা সঞ্চয় প্ল্যাটফর্ম। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, এর মাধ্যমে গ্রাহকেরা মাত্র ৫০০ টাকা থেকে দৈনন্দিন নির্ধারিত বাজারদরে ২২ ক্যারেট হলমার্কযুক্ত ও সনদপ্রাপ্ত সোনা ধাপে ধাপে কিনে সঞ্চয় করতে পারেন। পরে সঞ্চিত সোনা ০.৫ গ্রাম থেকে ১০ গ্রাম পর্যন্ত বিভিন্ন ওজনের বার ও কয়েন আকারে উত্তোলনের সুযোগ রয়েছে।
প্রচলিত পদ্ধতিতে একসঙ্গে তুলনামূলক বেশি অর্থ ব্যয় করে সোনা কেনার যে বাধা রয়েছে, তা কমিয়ে আনাই প্ল্যাটফর্মটির অন্যতম লক্ষ্য। এর মাধ্যমে গ্রাহকেরা নিজেদের আর্থিক সামর্থ্য অনুযায়ী ধীরে ধীরে সোনা সঞ্চয় করতে পারেন।
এদিকে, অভিনেতা মোশাররফ করিমকে নিয়ে দেশব্যাপী সোনা সঞ্চয়বিষয়ক প্রচারণা চালাচ্ছে গোল্ড কিনেন। সাধারণ মানুষের মধ্যে সোনা সঞ্চয়ের আগ্রহ তৈরি ও এ বিষয়ে সচেতনতা বাড়ানোই এ প্রচারণার উদ্দেশ্য। এই প্রচারণার মধ্যে ফিনটেক অ্যাওয়ার্ডসে পাওয়া স্বীকৃতি প্রতিষ্ঠানটির কার্যক্রমকে নতুন করে আলোচনায় এনেছে।
গোল্ড কিনেনের লক্ষ্য, বাংলাদেশের মানুষের জন্য সোনা সঞ্চয়কে আরও সাশ্রয়ী, সহজলভ্য ও সুবিধাজনক করা। নিয়মিত সঞ্চয়ের অভ্যাসের অংশ হিসেবে ধীরে ধীরে সোনা জমাতে আরও বেশি মানুষকে উৎসাহিত করতে চায় প্রতিষ্ঠানটি।
