যশোর • মাদককারবারি মুকুল হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন
যশোরের মণিরামপুরে মাদক কারবারি মুকুল হোসেন হত্যা মামলায় একই পরিবারের চারজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর চার আসামিকে খালাস দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) জেলা সিনিয়র দায়রা জজ মাহমুদা খাতুন এ রায় দেন।
বিজ্ঞাপন
বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট নূর আলম পান্নু।
যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন- শিরালি মদনপুর গ্রামের মুন্তাজ আলী ও তার ছেলে টিপু এবং মৃত ইন্তাজ আলীর দুই ছেলে দিপু ও রাশেদ আলী। সাজাপ্রাপ্ত চারজনই কারাগারে আটক আছেন। এই মামলায় তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
মামলার অভিযোগে জানা যায়, মুকুল হোসেন মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে মণিরামপুর থানায় অস্ত্র ও মাদক আইনে আটটি মামলা ছিল। এ ছাড়া বিভিন্ন অপকর্মে জড়িত থাকা নিয়ে স্থানীয় মুন্তাজ আলীর পরিবারের সঙ্গে তার প্রকাশ্য বিরোধ ছিল। সাইকেল চুরির ঘটনাকে কেন্দ্র করে এ বিরোধ আরও তীব্র হয়।
২০২১ সালের ২৯ জানুয়ারি রাত সাড়ে ১০টার দিকে কয়েকজন অস্ত্রধারী দুর্বৃত্ত শিরালি মদনপুর গ্রামের কবরস্থানের কাছে মুকুলকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কুপিয়ে ফেলে রেখে যায়। স্বজনরা তাকে উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।
এ ঘটনায় পরদিন নিহতের বাবা আমিন মোড়ল বাদী হয়ে মণিরামপুর থানায় ছয়জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন।
বিজ্ঞাপন
মামলার এজাহারে আসামি করা হয় শিরালি মদনপুর গ্রামের মুন্তাজ আলী ও তার ছেলে টিপু এবং মুন্তাজের চার ভাতিজা দিপু হোসেন, রায়হান হোসেন, সাদেক আলী ও রাশেদ হোসেনকে।
তদন্ত শেষে আটজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন তদন্তকারী কর্মকর্তা। দীর্ঘ সাক্ষ্যগ্রহণ শেষে মুন্তাজ আলী, তার ছেলে টিপু এবং দুই ভাতিজা দিপু ও রাশেদ আলীর বিরুদ্ধে হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাদের যাবজ্জীবন কারাদণ্ড দেন।
বিজ্ঞাপন
অভিযোগ প্রমাণিত না হওয়ায় মাজেদা খাতুন, সাদেক আলী, জাফর ও রায়হান ওরফে কাসেদকে খালাস দিয়েছেন আদালত।
মিলন রহমান/কেএইচকে
ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।
