প্রকাশিত: ১৩:৩২, ২০ অক্টোবর ২০২৬
নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম
নাটোরের বনপাড়ায় বাস-ট্রাক সংঘর্ষে হতাহতের ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
মঙ্গলবার (২০ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এই শোক প্রকাশ করেন।
বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, নাটোরের বনপাড়ায় সড়ক দুর্ঘটনায় ১৪ জনের মৃত্যু ও অন্তত ২০ জনের আহত হওয়ার ঘটনা অত্যন্ত মর্মান্তিক ও হৃদয়বিদারক। এ দুর্ঘটনায় প্রাণহানি ও আহতের ঘটনায় তিনি ব্যথিত ও শোকাহত।
তিনি নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। একইসঙ্গে হতাহতদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
মিয়া গোলাম পরওয়ার বলেন, দুর্ঘটনায় আহত ব্যক্তিদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে সরকার ও সংশ্লিষ্ট সব বিভাগের দায়িত্বশীল ব্যক্তিদের সর্বোচ্চ পদক্ষেপ গ্রহণ করতে হবে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহযোগিতা প্রদানের জন্য সরকারের প্রতি দাবি জানান তিনি।
বিবৃতিতে তিনি আরো বলেন, দেশের সড়ক ও মহাসড়কগুলোতে ট্রাফিক ব্যবস্থাপনার ত্রুটির কারণে একের পর এক দুর্ঘটনা ঘটছে। এ ধরনের ক্ষয়ক্ষতি রোধে ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়ন, অদক্ষ চালকদের গাড়ি চালানো বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং মেয়াদোত্তীর্ণ যানবাহনের চলাচল বন্ধ করতে হবে।
এ ছাড়া সড়ক সিন্ডিকেট ভেঙে নাগরিকদের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল।
