মেমোরি চিপের সংকট ও দাম বৃদ্ধির চাপে বিশ্ববাজারে স্মার্টফোন সরবরাহ কমে ১৪ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ায় নির্মাতারা ফোনের দাম বাড়াতে বাধ্য হচ্ছেন। ফলে নতুন ফোন কেনার পরিবর্তে পুরোনো ডিভাইস দীর্ঘদিন ব্যবহার করছেন ক্রেতারা। অনেকে আবার পুরোনো ফোন সংস্কার করে ব্যবহার করছেন বলে জানিয়েছে বাজার গবেষণা প্রতিষ্ঠান কাউন্টারপয়েন্টের এক বিশ্লেষক।
প্রযুক্তি বিষয়ক সাইট সেমাফোর এর প্রতিবেদন থেকে জানা যায় গতকাল বৃহস্পতিবার (১৫ অক্টোবর) প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের তৃতীয় প্রান্তিকে বিশ্ববাজারে স্মার্টফোনের চালান উল্লেখযোগ্যভাবে কমেছে। মেমোরি চিপের সরবরাহ সংকট এ পরিস্থিতির অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে।
চাহিদা কমে যাওয়ায় সবচেয়ে বেশি চাপে পড়েছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম স্মার্টফোন সরবরাহকারী অ্যাপল। অক্টোবরের তথ্য অনুযায়ী, আইফোন বিক্রির ওপর আয়ের প্রায় ৫০ শতাংশ নির্ভরশীল মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানটি আইফোন ১৮-এর অর্ডার ১৫ থেকে ২০ শতাংশ কমিয়েছে।
তবে শুধু অ্যাপল নয়, স্মার্টফোনের বাজারে চাপের মুখে পড়েছে চীনা প্রতিষ্ঠান ট্রানশানও। প্রতিষ্ঠানটি মূলত আফ্রিকার বাজারে স্বল্পমূল্যের স্মার্টফোন বিক্রি করে। হংকংয়ে শেয়ারবাজারে লেনদেন শুরুর দিনে প্রতিষ্ঠানটির শেয়ারের দাম ৭ শতাংশ কমে যায়।
বিশ্লেষকদের মতে, চিপের সরবরাহ সংকট ও উৎপাদন ব্যয় বৃদ্ধির প্রভাব স্মার্টফোনের বাজারে পড়ছে। দাম বাড়লে নতুন ফোন কেনার প্রবণতা কমতে পারে। এর ফলে নির্মাতাদের বিক্রি ও আয়েও চাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।
সংশ্লিষ্ট সংবাদ: বিজ্ঞান ও প্রযুক্তি
১৪ অক্টোবর ২০২৬
০৭ অক্টোবর ২০২৬
০৫ অক্টোবর ২০২৬
