মোঃ সাইদুল ইসলাম হেলাল, স্টাফ রিপোর্টারঃ
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নওগাঁ সদর উপজেলার ১২৮টি পূজামণ্ডপ দিন-রাত ঘুরে বেড়াচ্ছেন নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য ও বিএনপি নেতা জাহিদুল ইসলাম ধলু। দেশের বর্তমান প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের শুভেচ্ছা বার্তা সনাতন ধর্মাবলম্বীদের কাছে পৌঁছে দেওয়ার পাশাপাশি পূজামণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতি ও নিরাপত্তাব্যবস্থা স্বশরীরে পর্যবেক্ষণ করছেন তিনি।
মণ্ডপে মণ্ডপে গিয়ে সংসদ সদস্য পূজা উদ্যাপন কমিটির সদস্য, দর্শনার্থী ও স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করছেন। এ সময় তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানান এবং উৎসবের সার্বিক খোঁজখবর নেন। একই সাথে তারেক রহমানের পক্ষ থেকে শ্রী শ্রী বুড়াকালী মাতা পূজা মণ্ডপসহ বিভিন্ন স্থানে দুস্থ ও অসহায় মানুষের মাঝে বস্ত্র (শাড়ি) বিতরণ করা হয়।
দিন-রাত সংসদ সদস্যকে এভাবে মণ্ডপ পরিদর্শন ও সাধারণ মানুষের খোঁজ নিতে দেখে স্থানীয়দের মধ্যে উৎসবের আমেজ আরও বেড়েছে। তাঁকে কাছে পেয়ে পূজা উদ্যাপন কমিটির সদস্য ও সনাতন ধর্মাবলম্বীরা সন্তোষ প্রকাশ করেছেন।
এদিকে, শান্তিপূর্ণ পরিবেশে দুর্গোৎসব উদ্যাপন এবং চিরায়ত সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার বিষয়েও স্থানীয়দের সঙ্গে কথা বলছেন সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু। তিনি বলেন, "বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে প্রতিটি নাগরিকের সমঅধিকার রয়েছে। দল-মত নির্বিশেষে সকলে মিলে উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে এবারের দুর্গাপূজা উদ্যাপন করছেন, যা আমাদের সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত।"
মণ্ডপ পরিদর্শনের সময় সংসদ সদস্যের সাথে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, পূজা উদ্যাপন পরিষদের নেতৃবৃন্দ এবং বিএনপি এর অঙ্গ-সংগঠনের জেলা ও স্থানীয় পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এ জাতীয় আরো খবর..
