সিলেটের বিশ্বনাথ উপজেলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের ২০২৬-২৭ ক্রিকেট মৌসুমের নতুন কার্যকরী কমিটির তিনটি প্রধান পদে নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে নব দিগন্ত স্পোর্টস ক্লাবের প্রতিনিধি এম. আহমদ আমিম সভাপতি, একতা স্পোর্টিং ক্লাবের প্রতিনিধি সাব্বির আহমদ সাধারণ সম্পাদক এবং দেওকলস ইউনিয়ন ক্রিকেট টিমের প্রতিনিধি জাকারিয়া আহমদ সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে বিশ্বনাথ পৌরশহরের প্রাণসী রেস্টুরেন্টের হলরুমে আয়োজিত অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় গঠনতন্ত্র অনুযায়ী উপস্থিত ১১টি দলের ২২ জন প্রতিনিধির মতামতের ভিত্তিতে তাঁদের নির্বাচিত করা হয়। নির্বাচিত তিনজনের নাম ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি, অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাচন কমিশনার ও সাবেক সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের।
আগামী এক সপ্তাহের মধ্যে নিবন্ধিত ক্লাবগুলোর প্রতিনিধিদের সমন্বয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠনের দায়িত্ব নির্বাচিত তিনজনকে দেওয়া হয়েছে।
অ্যাসোসিয়েশনের সভাপতি আমির হামজা রুকেলের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম সাব্বিরের পরিচালনায় সভায় বিগত বছরের আয়-ব্যয়ের হিসাব ও বার্ষিক কার্যক্রমের প্রতিবেদন উপস্থাপন করেন সংগঠনের সাধারণ সম্পাদক সোহাগ আহমদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গৌছ খান, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি তজম্মুল আলী রাজু, উপজেলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি শামছুল ইসলাম মোমিন, সাবেক সাধারণ সম্পাদক লুৎফুর রহমান জুয়েল এবং ক্লিন বিশ্বনাথ ও গ্রিন বিশ্বনাথের উদ্যোক্তা আজাদ আলী।
সভায় ২০২৬-২৭ মৌসুমের নিবন্ধিত ১২টি দলের মধ্যে বন্ধন ক্রিকেট ক্লাব, দেওকলস ইউনিয়ন ক্রিকেট টিম, এন স্পোর্টস ক্লাব, দুর্বার বিশ্বনাথ, চ্যাম্পিয়ন চ্যালেঞ্জার্স, নব দিগন্ত স্পোর্টস ক্লাব, একতা স্পোর্টিং ক্লাব, সবুজ কলি ক্রিকেট ক্লাব, ফাইটার ক্রিকেট ক্লাব, এমসিসি মিরেরচর এবং জুয়েল মোবাইল গার্ডেন ওয়ারিয়র্সের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
