গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক কৃষকসহ দুইজন নিহত হয়েছেন। শনিবার (১৭ অক্টোবর) রাতে গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার করপাড়া বাসস্ট্যান্ডে ও ভেন্নাবাড়ি এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।
গোপালগঞ্জ সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. সিরাজুল ইসলাম সরদার জানান, রাতে করপাড়া বাসস্ট্যান্ডে গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়ক পার হতে গেলে কৃষ্ণ বিশ্বাসকে দ্রুতগামী একটি মোটর সাইকেল ধাক্কা দিলে মারাত্মক আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে খুলনায় নেয়ার পথে তিনি মারা যান।
অপরদিকে, ভেন্নাবাড়ি এলাকায় একই সড়ক পার হতে গেলে অজ্ঞাত গাড়ি দুলাল মিস্ত্রীকে ধাক্কা দিলে তিনিও মারাত্মক আহত হন। পরে পুলিশ স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুলালকে মৃত ঘোষণা করেন।
