কালবেলা · সাধারণ
বরিশালে ছাত্রলীগের ৭৩ জনের বিরুদ্ধে বিস্ফোরক মামলা
১৯/১০/২০২৬

বরিশাল নগরীতে সশস্ত্র মিছিল ও ককটেল বিস্ফোরণের ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগের ৭৩ নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা করেছে পুলিশ। মামলায় অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানায় দায়ের হওয়া মামলায় ১৩ জন এবং অজ্ঞাত ৬০ জনকে আসামি করা হয়েছে। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলায় অভিযুক্তরা হলেন, ফয়সাল আহমেদ মুন্না, সাদ, মিরাজ, লাদেন, রাকিব, আবু বকর সিদ্দিক, রাশেদুল ইসলাম, তরিকুল ইসলাম রাজা, উজ্জল, খোকা, সীমান্ত ও ইব্রাহিম। অভিযুক্তরা সবাই নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতাকর্মী। তাদের মধ্যে রসুলপুর কলোনির বাসিন্দা উজ্জল ও রানা নামের আরেকজনকে গ্রেপ্তার করে মডেল থানা পুলিশ।
মামলায় অভিযোগ করা হয়েছে, শনিবার (১৭ অক্টোবর) সকালে বরিশাল নগরীর বাংলাবাজার এলাকায় সশস্ত্র অবস্থায় মিছিল করেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা।
এ সময় তারা ওই এলাকায় একাধিক ককটেল বিস্ফোরণ ঘটনায়। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
ওসি মনিরুল ইসলাম বলেন, ‘কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) ফেরদৌস বাদী হয়ে মামলাটি করেছেন। ভিডিও ফুটেজ দেখে ঘটনার সঙ্গে জড়িতদের অভিযুক্ত করা হয়েছে। এদের মধ্যে রোববার রাতে এবং সোমবার একজনকে গ্রেপ্তার করা হয়েছে।’
মূল প্রতিবেদনে যান ↗