Published on
:
1 min read
দীপাবলির আগে বাজি তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। শুক্রবারের এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে জামো থানার অন্তর্গত আলমাপুর গ্রামে। ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ৫ জনের। প্রাথমিক তথ্য অনুযায়ী, একটি বাড়িতে বাজি তৈরি ও মজুত করার সময়ে আগুন লাগে। তার পরেই একের পর এক বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা। বিস্ফোরণের তীব্রতায় বাড়িটির একাংশ ভেঙে পড়ে। ক্ষতিগ্রস্ত হয় আশপাশের বাড়ি-ঘরও
স্থানীয়দের দাবি, প্রথম বিস্ফোরণের পর প্রায় দেড় থেকে দু’ঘণ্টা ধরে থেমে থেমে বিস্ফোরণ চলতে থাকে। ফলে দীর্ঘক্ষণ ঘটনাস্থলের কাছে পৌঁছনো কঠিন হয়ে পড়ে। চারদিকে ছড়িয়ে পড়ে আতঙ্ক। সূত্রের খবর, স্থানীয় বাজি ব্যবসায়ী মহম্মদ আমিরুদ্দিন মিয়াঁর বাড়িতে এই বিস্ফোরণ ঘটে। ওই বাড়িতে বাজি তৈরি করা হচ্ছিল, নাকি বিপুল পরিমাণ বাজি মজুত ছিল, তা এখনও স্পষ্ট নয়। স্থানীয় সূত্রের দাবি, দীর্ঘদিন ধরেই ওই পরিবার বাজি ব্যবসার সঙ্গে যুক্ত।
বিস্ফোরণের খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন পুলিশ ও প্রশাসনের আধিকারিকেরা। সিওয়ানের পুলিশ সুপার ভারত সোনি-সহ প্রশাসনের প্রতিনিধিরা পরিস্থিতি খতিয়ে দেখেন। জামো, বড়হরিয়া ও গোরিয়াকোঠী-সহ একাধিক থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলের সাহায্য নেওয়া হয়। পাশাপাশি ধ্বংসস্তূপের মধ্যে কেউ আটকে রয়েছেন কি না, তা খতিয়ে দেখার জন্য উদ্ধারকাজ শুরু হয়।
