আন্তর্জাতিক ডেস্ক।।
ইয়েমেনে কয়েক সপ্তাহ ধরে চলা সংঘাতের তীব্রতায় ২ লাখ ৩০ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল-জাজিরা।
প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে লড়াই বেড়ে যাওয়ায় এসব মানুষ ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। সংস্থাটি জানিয়েছে, অতিরিক্ত জনাকীর্ণ ও অনিরাপদ পরিবেশে আশ্রয় নেওয়া নারী, শিশু, বয়স্ক ব্যক্তি এবং প্রতিবন্ধীরা সুরক্ষার ক্ষেত্রে বাড়তি ঝুঁকির মুখে রয়েছেন।
আইওএম আরও জানায়, অনেক পরিবারের জন্য বাস্তুচ্যুত হওয়ার ঘটনা এবারই প্রথম নয়। বারবার ঘরবাড়ি ছাড়তে বাধ্য হওয়ায় তাদের সঞ্চিত সম্পদ ও সামর্থ্য কমে গেছে।
জীবিকার উৎস থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন তারা। নিত্যপ্রয়োজনীয় চাহিদা পূরণের মতো সামগ্রী ও আর্থিক সামর্থ্যও অনেকের নেই। সংস্থাটি বলেছে, নতুন করে বাস্তুচ্যুত মানুষের আগমন আগে থেকেই সংকটে থাকা স্থানীয় জনগোষ্ঠী ও মানবিক সহায়তা কার্যক্রমের ওপর বাড়তি চাপ সৃষ্টি করছে।
