গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড নামের একটি ওষুধ উৎপাদনকারী কারখানার আগুন আরও ভয়াবহ আকার ধারণ করেছে। আগুন নিয়ন্ত্রণের চেষ্টায় এখন পর্যন্ত ২১টি ইউনিট কাজ করছে।
বুধবার (১৪ অক্টোবর) ফায়ার সার্ভিসের ডিজি ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আরেফিন জুনায়েদ এসব কথা জানান।
তিনি বলেন, দুপুর ১টা ৩৫ মিনিটে একবার আগুন নিয়ন্ত্রণে এলেও রাবার এবং অ্যালুমিনিয়ামের দাহ্য পদার্থ থাকায় তা আবার বেড়ে যায়।
সুলতানুল আরেফিন জুনায়েদ বলেন, ‘রাবার, অ্যালুমিনিয়ামের দাহ্য পদার্থগুলো থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লেগেছে। ফায়ার যেন আশপাশের ভবনগুলোতে ছড়িয়ে না যায়, সেই চেষ্টাও করা হচ্ছে।’
এর মধ্যে দুটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং চতুর্থ তলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানান ফায়ার সার্ভিসের ডিজি ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আরেফিন জুনায়েদ।
তিনি বলেন, ‘এখন পর্যন্ত কেউ হতাহত হয়নি বা ভবনের ভেতরে কেউ আটকা পড়েনি। তবে আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের একজন সদস্য আহত হয়েছেন।’
এর আগে, দুপুর ১টা ৫৫ মিনিটে দিকে গাজীপুরে টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনালের ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের স্টেশন অফিসার মো. তালহা বিন জসিম বিষয়টি নিশ্চিত করেন।
এদিন সকাল ১০টার দিকে লাগা এই অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি, পুলিশ যোগ দেয়।
