লিটন কুমার দাসের ব্যাটিংয়ে ধারাবাহিকতার অভাব নিয়ে আলোচনা হয়েছে বহুবার। কখনো রানখরায় ভুগেছেন, আবার কখনো নিজের ব্যাটিং সামর্থ্যের প্রমাণ দিয়েছেন বড় মঞ্চে। তবে কঠিন সময়ে তার প্রতিভার ওপর আস্থা হারাননি মিনহাজুল আবেদিন নান্নু। সাবেক এই প্রধান নির্বাচকের বিশ্বাস, লিটন আবারও নিজের সেরাটা ফিরে পেতে শুরু করেছেন।
অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে ব্যাট হাতে প্রত্যাশা পূরণ করতে পারেননি লিটন। তবে আফগানিস্তানের বিপক্ষে আবুধাবি টেস্টের প্রথম ইনিংসে ফিফটির পর দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করে নিজের সামর্থ্যের জানান দেন এই উইকেটকিপার-ব্যাটার। দুই ইনিংসে ব্যাটিংয়ের পাশাপাশি উইকেটের পেছনে ৯টি ডিসমিসাল নিয়ে গড়েছেন বিশ্বরেকর্ডও।
বিজ্ঞাপন
লিটনের এমন পারফরম্যান্সের পর তার প্রতিভা নিয়ে নিজেদের পুরোনো বিশ্বাসের কথাই তুলে ধরেছেন নান্নু। তার মতে, একজন ক্রিকেটারের সামর্থ্য চেনার পাশাপাশি খারাপ সময়ে তার পাশে থাকাটাও গুরুত্বপূর্ণ।
নান্নু বলেন, ‘যে কোনো প্রতিভাবান ক্রিকেটারের পাশে দাঁড়ানোটা জরুরি। লিটনের যে প্রতিভা, যে সামর্থ্য, সেটা শুরু থেকেই শনাক্ত করা সহজ ছিল না। সে আমাদের অন্যতম সেরা ক্রিকেটারদের একজন। তার টেকনিক ও গেম সেন্স নিয়ে কোনো আপস নেই। আমাদের বিশ্বাস ছিল, একটা সময় সে দেশের জন্য ভালো কিছু করবে।’
বিজ্ঞাপন
ক্যারিয়ারে উত্থান-পতন থাকবেই। তবে খারাপ সময় পার করার জন্য একজন ক্রিকেটার কতটা সমর্থন পাচ্ছেন, সেটিও গুরুত্বপূর্ণ বলে মনে করেন নান্নু। লিটনের ক্ষেত্রেও সেই আস্থার জায়গাটি ধরে রাখার ওপর জোর দিয়েছেন তিনি।
নান্নু বলেন, ‘যে কোনো ক্রিকেটারেরই উত্থান-পতন থাকে। সেই সময়টায় একজন খেলোয়াড়ের প্রতি কতটা আস্থা রাখা হচ্ছে, তাকে কতটা সমর্থন দেওয়া হচ্ছে, সেটাই সবচেয়ে বড় বিষয়। লিটনেরও মাঝখানে খারাপ সময় গেছে, এখন আবার ঘুরে দাঁড়িয়েছে। আশা করি, আগামী কয়েক বছর সে দেশের জন্য আরও ভালো ক্রিকেট খেলবে।’
এসকেডি/আইএইচএস
ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।
