দাউদকান্দিতে সাবেক ভাইস চেয়ারম্যান ও আ.লীগ নেত্রী গ্রেপ্তার
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ০২:৪১ পিএম
আপডেট: ২২ অক্টোবর ২০২৬, ০২:৪১ পিএম
মোসাম্মৎ রোজিনা আক্তার। ছবি: খবরের কাগজ
-->কুমিল্লার দাউদকান্দি উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেত্রী মোসাম্মৎ রোজিনা আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) উপজেলার গোপচর এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন, দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম।
তিনি জানান, বৃহস্পতিবার রাতে দাউদকান্দি মডেল থানার একটি দল মোসাম্মৎ রোজিনা আক্তারকে গ্রেপ্তার করে। সম্প্রতি সরকারবিরোধী আন্দোলন ও নাশকতার পরিকল্পনার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এসব অভিযোগের ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।
উল্লেখ্য, ২০২০ সালে উপজেলা পরিষদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসাবে দাউদকান্দি উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন।
তিনি কুমিল্লা-১ দাউদকান্দি-মেঘনা আসনের সাবেক সংসদ সদস্য মেজর জেনারেল (অব:) সুবিদ আলী ভূইয়ার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন এবং আওয়ামী লীগের সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।
লিটন সরকার বাদল/তামান্না রুপা/
আরও পড়ুন
আগামী ১০ বছরেও শেখ হাসিনার ফেরার সম্ভাবনা নেই: স্পিকার
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ০২:৩২ পিএম
আপডেট: ২২ অক্টোবর ২০২৬, ০২:৪২ পিএম
ছবি: খবরের কাগজ
-->আগামী ১০ বছরেও শেখ হাসিনার ফেরার সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে ভোলা সার্কিট হাউজে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
স্পিকার বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে এমন একটি পরিবেশ তৈরি করেছিল, যেখানে সমাজের সৎ, যোগ্য ও নিরপেক্ষ মানুষের পক্ষে নির্বাচনে অংশ নেওয়া সম্ভব ছিল না। নির্বাচনী ব্যবস্থার আমূল সংস্কার প্রয়োজন। অর্থশালী না হলেও যেসব মানুষের জনপ্রিয়তা ও সামাজিক গ্রহণযোগ্যতা রয়েছে, তাদের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দিতে হবে। এ জন্য নির্বাচন কমিশনকে সাধারণ মানুষের নির্বাচনে অংশগ্রহণ নিশ্চিত করতে উপযুক্ত পদ্ধতি নির্ধারণ করতে হবে।’
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়া প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, ‘গত ১৭ বছরে নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়নি। তবে আগামী স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।’
ভোলার প্রাকৃতিক গ্যাসের বিষয়ে স্পিকার বলেন, ‘জেলায় পর্যাপ্ত প্রাকৃতিক গ্যাসের মজুত রয়েছে। দেশের বর্তমান গ্যাসের মজুতের সঙ্গে ভোলার মজুতের তুলনা করলে এখানে আরও গ্যাসের সম্ভাবনা রয়েছে বলে ধারণা করা যায়। ভোলার সাধারণ মানুষের গ্যাসের প্রয়োজন রয়েছে। দীর্ঘদিন ধরে তারা এ সংকটে ভুগছেন। গ্যাস পাওয়া ভোলাবাসীর ন্যায্য অধিকার ও দীর্ঘদিনের দাবি। এ বিষয়ে জ্বালানিমন্ত্রীর সঙ্গে কথা বলবেন বলেও জানান তিনি।’
ইমতিয়াজুর রহমান/খাদিজা রুমি/
আরও পড়ুন
আ.লীগ ও একটি গুপ্ত দল যৌথভাবে চক্রান্ত করছে: রিজভী
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ০১:৩২ পিএম
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি: খবরের কাগজ
-->কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও আরেকটি ‘গুপ্ত দল’ যৌথভাবে চক্রান্ত ও অপপ্রচারে মেতে উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, ‘পরাজিত শক্তি ও এই গুপ্ত দলের আচরণ ও কথাবার্তা প্রায় অভিন্ন। অতীতের মতো এখনো তারা বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছে।’
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে রাজধানীর শান্তিনগরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচি শেষে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন রিজভী।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ছিল একটি অপপ্রচারকারী দল। তাদের সঙ্গে এখন যুক্ত হয়েছে আরেকটি গুপ্ত দল। প্রমাণ আছে যে তাদের মধ্যে এক ধরনের সম্পর্ক রয়েছে। তারা নিজেরাই বলেছিল যে আওয়ামী লীগকে মাফ করে দেবে। সুতরাং যার যেটা প্রমাণ থাকতে হয়, সেটা আছে। বিজিত শক্তির আচরণ এবং এই দলটির আচরণ একই রকম।’
অতীতে বিএনপিকে নিয়ে নানা ধরনের অপপ্রচার চালানো হয়েছে উল্লেখ করে রিজভী বলেন, ‘আগে অপপ্রচার করা হতো যে বিএনপি একটি জঙ্গি রাজনৈতিক দল, বিএনপি ক্ষমতায় থাকলে অন্য ধর্মের মানুষরা নিরাপদ নয়। কিন্তু এবার তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার প্রমাণ করে দিয়েছে যে সরকার সতর্ক থাকলে কোনো চক্রান্তকারী তাদের নীল নকশা বাস্তবায়ন করতে পারে না। বিএনপির নেতা-কর্মীরা দিন-রাত কাজ করে প্রতিটি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করেছেন।’
তিনি আরও বলেন, ‘বিগত ১৭-১৮ বছরের মধ্যে এবার সবচেয়ে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হয়েছে। এমনকি পার্শ্ববর্তী দেশ থেকে আসা দর্শনার্থীরাও এই সুষ্ঠু পরিবেশের প্রশংসা করেছেন।’
ডেঙ্গু পরিস্থিতি ও সরকারের নেওয়া পদক্ষেপ সম্পর্কে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধে সরকার ও বিএনপির পক্ষ থেকে সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে। খ্যাতনামা চিকিৎসকদের পরামর্শে তৈরি সচেতনতামূলক লিফলেট সাধারণ মানুষের মাঝে বিতরণ করা হচ্ছে। এটি মূলত একটি ব্যবস্থাপত্রের (প্রেসক্রিপশন) মতো কাজ করবে।’
রিজভী জানান, ডেঙ্গু আক্রান্ত ব্যক্তিরা যাতে বিনামূল্যে চিকিৎসা পান, সে জন্য প্রধানমন্ত্রীর নির্দেশে সরকারি হাসপাতালগুলোতে বিনামূল্যে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি পর্যাপ্ত স্যালাইনের সরবরাহ নিশ্চিত করা হয়েছে এবং সারা দেশে ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হচ্ছে।
সরকারের অর্থনৈতিক অর্জনের কথা তুলে ধরে তিনি বলেন, ‘সরকার যে প্রতিশ্রুতি দেয়, তা নিষ্ঠার সঙ্গে বাস্তবায়ন করে। অর্থনীতিবিদরা জানিয়েছেন, সরকার গঠিত ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণের মাধ্যমে এ বছরেই দেশের দারিদ্র্য আরও ৫ শতাংশ কমে যাবে। এটাই তারেক রহমানের সরকারের বড় অর্জন।’
লিফলেট বিতরণ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব ও সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাইদুল হক বাবুল, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ডা. জাহিদুর রহমান এবং ছাত্রদলের সহসভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়ালসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
মোহাম্মদ আলী/সালমান/
আরও পড়ুন
ওমরাহ করতে সৌদি যাওয়ার পথে সিলেট বিমানবন্দরে আটক যুবলীগ সভাপতি উজ্জ্বল
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ০৯:১৪ পিএম
শেখ এহসান আহমেদ উজ্জ্বল। ছবি: সংগৃহীত
-->সৌদি আরবে ওমরাহ হজ্ব পালন করতে যাওয়ার সময় সিলেট এমএজি ওসমানী বিমানবন্দরে আটক হয়েছেন সুনামগঞ্জ সদর উপজেলা নিষিদ্ধ ঘোষিত যুবলীগ সভাপতি শেখ এহসান আহমদ উজ্জ্বল।
বুধবার (২১ অক্টোবর) সিলেট বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে।
বিমানবন্দর সূত্রে জানা যায়, উজ্জ্বল আহমদ সৌদি আরবের একটি ফ্লাইটের যাত্রী ছিলেন। ফ্লাইটে ওঠার আগে তাকে আটক করা হয়।
পরিবার জানায়, মসজিদের ইমাম সাহেবের কাছ থেকে শেষ বিদায় ও দোয়া নিয়ে ওমরাহ হজ্ব পালন করতে যাচ্ছিলেন উজ্জ্বল। ২ নভেম্বর হজ্ব শেষে ফেরার কথা ছিল। এর মাঝে বিমানবন্দরে তাকে আটক করার খবর পান তারা ।
সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো রতন সেখ বলেন, বিমানবন্দরে যুবলীগ সভাপতিকে আটক করে আমাদের খবর দেয়া হয়েছে। খবর পেয়ে সদর থানার পুলিশ সিলেট যাচ্ছে আটককৃতকে গ্রহণ করতে। রাতেই তাকে সদর থানায় নিয়ে আসা হবে।
দেওয়ান গিয়াস চৌধুরী/এসএন
আরও পড়ুন
মাথার পেছনে ক্ষত, মাগুরায় যুবদল নেতা শাকেরের মৃত্যু ঘিরে রহস্য
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ০১:০৭ পিএম
ছবি: সংগৃহীত
-->মাগুরায় পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. শাকের হোসেনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার মাথার পেছনে ছিদ্রের মতো ক্ষত থাকায় ধারণা করা হচ্ছে তাকে গুলি করে হত্যা করা হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) ভোরে পৌর বাস টার্মিনালের রয়েল এক্সপ্রেসের কাউন্টার থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত শাকের হোসেন মাগুরা পৌরসভার পারনান্দুয়ালী বিশ্বাসপাড়া এলাকার মৃত কুতুব উদ্দিনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে পৌর বাস টার্মিনালে রয়েল এক্সপ্রেসের কাউন্টার পরিচালনার দায়িত্বে ছিলেন।
কাউন্টারের আরেক পরিচালক বিপুল কুমার দাস জানান, বুধবার ভোরে শাকের কাউন্টারে যান। ভোর ৫টা ১৫ মিনিটের দিকে একটি বাস আসার সময় সুপারভাইজারের ফোনে তারা জানতে পারেন, শাকের কাউন্টারে অচেতন অবস্থায় পড়ে আছেন। পরে তাকে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেওয়া হয়।
বিপুল কুমার দাসের ভাষ্য অনুযায়ী, এক যাত্রীর কাছ থেকে তারা জানতে পারেন, কাউন্টারের কাছাকাছি একটি বাথরুমে যাওয়ার সময় ওই যাত্রীর স্ত্রী দূরে একটি মোটরসাইকেল আসতে দেখেন। এ সময় গুলির মতো শব্দ শোনার পর মোটরসাইকেলটি দ্রুত চলে যায় বলে ওই যাত্রী দাবি করেন।
জেলা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে জানান, প্রথমে অসুস্থতাজনিত মৃত্যুর ধারণা করা হলেও মাথার পেছনে ছিদ্রের মতো ক্ষত পাওয়ার পর বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ঘটনাস্থলের আলামত সংরক্ষণ করা হয়েছে। সিআইডির দলও ঘটনাস্থলে কাজ করবে। ময়নাতদন্ত ও চিকিৎসকদের মতামতের ভিত্তিতে মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ের চেষ্টা চলছে।
এদিকে, ঘটনাস্থলে উপস্থিত হয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান মাগুরা-১ আসনের সংসদ সদস্য আলহাজ মনোয়ার হোসেন খান।
তিনি বলেন, শাকের দীর্ঘদিন ধরে রাজনৈতিক আন্দোলনের সামনের সারিতে ছিলেন। ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড বা টার্গেট কিলিং হয়ে থাকলে তা মাগুরার জন্য উদ্বেগজনক বার্তা হবে। এ ঘটনার পেছনের কারণ উদ্ঘাটন এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত করা জরুরি।
তিনি আরও বলেন, বিষয়টি নিয়ে প্রশাসনের বিভিন্ন পর্যায়ে কথা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত ঘটনার রহস্য উদ্ঘাটন করবে বলে তিনি আশা প্রকাশ করেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার আগে ঘটনাটিকে নিশ্চিতভাবে হত্যাকাণ্ড বলা সম্ভব নয় বলেও উল্লেখ করেন তিনি।
এ সময় বাস টার্মিনালের নিরাপত্তা জোরদারের ওপর গুরুত্ব দেন সংসদ সদস্য। তিনি সেখানে সিসি ক্যামেরা স্থাপন, প্রবেশ ও বের হওয়ার ব্যবস্থা নিয়ন্ত্রণ এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।
শ্রাবণ/সালমান/
