পুজো মানেই বাঙালির কাছে খাওয়া দাওয়া মাস্ট। তবে ভোজনরসিক বাঙালির রসনা তৃপ্তিতে শুধুই যে আমিষ খাবার থাকে এমন কিন্তু নয়। অনেকেই আছেন পুজোর দিনগুলোতে বিশেষ করে ষষ্ঠী আর অষ্টমীর দিনে নিরামিষ খেয়ে থাকেন। কিন্তু পুজোর দিনেও একঘেয়ে নিরামিষ খাবার খেতে কারই বা ভালো লাগে। তাই আপনাদের জন্য বিশেষ করে মোমো প্রেমীদের জন্য আজ থাকছে সম্পূর্ণ নিরামিষ একটি মোমোর রেসিপি।
হ্যাঁ মোমো তাও আবার নিরামিষ। সত্যিই সম্ভব। কিভাবে? আসলে এই মোমো তৈরি হবে সাবুদানা আর পনির দিয়ে। তাই নিরামিষ খাবার হলেও পেট পুজোয় কোন কমতি থাকবে না একেবারেই। তাহলে আর দেরি কীসের ? এখনই ঝটপট দেখে নিন এই নিরামিষ মোমো তৈরি রেসিপি।
সাবুদানা মোমো তৈরির উপকরণ
১ কাপ সবুদানা,১টি সেদ্ধ আলু,আধা চা চামচ সৈন্ধব লবণ,১ চা চামচ তেল বা ঘি,১ কাপ গ্রেট করা পনির,১টি বা প্রয়োজনে তার বেশী কুচানো কাঁচা লঙ্কা,আধা ইঞ্চি গ্রেট করা আদা,২ চা চামচ মিহি করে কাটা ধনে পাতা,আধা চা চামচ গোলমরিচের গুঁড়ো, স্বাদমতো সৈন্ধব লবণ।
সাবুদানার মোমো তৈরির পদ্ধতি
প্রথমে, সাবুদানা মিক্সিতে মিহি করে গুঁড়ো করে নিন। এবার, ডো বানানোর জন্য সবুদানার গুঁড়ো একটা বাটিতে ঢেলে নিতে হবে এবং তারই সাথে সেদ্ধ করা আলু নিয়ে নিতে হবে। এবার সামান্য সৈন্ধব লবণ এবং হাল্কা গরম জল দিয়ে একটু নরম করে একটা ডো মেখে নিতে হবে। এবার ডো টাকে ১০ থেকে ১৫ মিনিটের জন্য ঢেকে রেখে দিতে হবে। এর ফলে সাবুদানা ফুলে উঠবে।
এবার মোমোর ভিতরের পুর তৈরি করে নেওয়ার পালা। একটা বাটিতে গ্রেট করা পনির, কাঁচা লঙ্কা, আদা, ধনে পাতা, গোলমরিচ এবং সৈন্ধব লবণ নিয়ে সবকিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ব্যাস তাহলেই তৈরি সাবুদানা মোমোর মশলাদার পুর।
এবার আগে থেকে মেখে রাখা ডো থেকে ছোট ছোট করে লেচি কাটতে শুরু করুন। তারপর একটা একটা করে লুচির মত বেলে নিতে হবে। বেলার সাথে সাথে চামচ দিয়ে পনিরের পুর ভরে মোমোর মত আকার দিয়ে গড়ে নিতে হবে।
https://youtu.be/Lrfrhq_IvfY?si=1zenjC148fT16rU0
সবশেষে স্টিমার বা মোমো তৈরির পাত্রে জল গরম করে নিতে হবে। প্রথমে স্টিমারের প্লেটে সামান্য ঘি মাখিয়ে নিতে হবে। তারপর মোমোগুলোকে একটা একটা করে সাজিয়ে দিতে হবে। তবে খেয়াল রাখতে হবে একটা মোমো যেন আরেকটা মোমোর গায়ে লেগে না যায়।
এইভাবে ১০ থেকে ১২ মিনিট মোমো গুলোকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। মোমোর উপরের স্তর যদি স্বচ্ছ হতে শুরু করে তখনই বুঝতে হবে মোমো সেদ্ধ হয়ে গিয়েছে। ব্যাস তাহলেই তৈরি পুজোর দিনের নিরামিষ সাবুদানার মোমো।
