স্টাফ রিপোর্টার: রাজশাহীতে পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে ১৫৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় আসামিদের হেফাজত থেকে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ও দুটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়।
রোববার সকালে রাজশাহী রেঞ্জ কার্যালয়ের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজশাহী রেঞ্জের আওতাধীন বিভিন্ন থানায় মোট ৪৮টি মামলা হয়েছে। এর মধ্যে দস্যুতার ১টি, চুরির ১টি, নারী ও শিশু নির্যাতনের ১টি এবং অন্যান্য অপরাধে ৪৫টি মামলা হয়েছে।
এ সময়ে ৫টি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে। অভিযানে গ্রেপ্তার ১৫৭ জনের মধ্যে পরোয়ানাভুক্ত আসামি ৬২ জন, সাজাপ্রাপ্ত ১২ জন, তদন্তাধীন মামলার ৭২ জন এবং প্রতিরোধমূলক ব্যবস্থার আওতায় ১১ জন রয়েছেন।
এছাড়া নিয়মিত মাদকবিরোধী অভিযানে ১৭ জন মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়। এ সময় ২টি বার্মিজ চাকু, ২ গ্রাম হিরোইন, ১৬ পিস ইয়াবা, ১২৮টি ট্যাপেন্টাডল ট্যাবলেট, ২ কেজি ২০০ গ্রাম গাঁজা এবং ৯০০ মিলিলিটার চোলাই মদ উদ্ধার করা হয়।
এদিকে, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) ও ডিবি পুলিশের পৃথক অভিযানে নানা অপরাধের অভিযোগে নগরীতে আরও ১২ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে ওয়ারেন্টভুক্ত ৪ জন, মাদক মামলায় ৬ জন এবং অন্যান্য মামলায় ২ জন রয়েছেন।
এছাড়া বোয়ালিয়া থানা পুলিশের সহায়তায় আরএমপির বিশেষ মাদকবিরোধী টিম অভিযান চালিয়ে ১৯ বোতল এসকাফ সিরাপ ও মাদক বিক্রির ৬ হাজার ৭০০ টাকাসহ মোছা. শান্তা খাতুন (২৫) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।
এ সময় তাঁর স্বামী লিটন পালিয়ে গেলেও তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
সোনালী/জগদীশ রবিদাস
The post রাজশাহীতে পুলিশের পৃথক অভিযানে ১৫৭ জন গ্রেপ্তার appeared first on সোনালী সংবাদ.
