যানজট নিরসনে নানা পদক্ষেপ নিচ্ছে ফেনী পৌরসভা। শহরের ফুটপাত অবৈধ দখলমুক্ত করা, বহুতল ভবনে পার্কিং প্লেস নিশ্চিত করা, সিএনজিচালিত অটোরিকশা সংখ্যা কমিয়ে আনা এবং ব্যাটারিচালিত অটোরিকশা নিবন্ধনের আওতায় এনে এর সংখ্যা সীমিত করার পদক্ষেপ নিচ্ছে পৌরসভা।
সোমবার (১২ অক্টোবর) দুপুরে শহর সমন্বয় কমিটির সভায় এসব আলোচনা হয়।
পৌরসভার প্রশাসক নুরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান বলেন, ‘নাগরিক সেবা নিশ্চিত করতে পৌর কর্তৃপক্ষের যেমন দায়িত্ব রয়েছে তেমনি নাগরিকদেরও নানাবিধ করণীয় রয়েছে। পৌরসভার বর্জ্য অপসারণ, যানজট নিরসন, পানি সরবরাহসহ বিভিন্ন ক্ষেত্রে নাগরিকদের সহযোগীতা অতিব জরুরি। এছাড়া পৌরকর ছাড়া পৌরসভার উন্নয়ন বা নাগরিক সেবা দেয়া সম্ভব হয় না। এক্ষেত্রে পৌর নাগরিকগণ যথাসময়ে পৌরকর পরিশোধ করা উচিত।’
তিনি বলেন, ‘ফেনী পৌরসভা এলাকায় ডেঙ্গু প্রতিরোধে অত্যাধুনিক ফ্রগার মেশিন আনা হয়েছে। এখন থেকে নিয়মিত ওষুধ ছিটানো হবে। এছাড়া নিজেদের বাসাবাড়ির আঙিনা, ছাদ এসব পরিষ্কার পরিচ্ছন্ন নিজেদেরকে রাখতে হবে।’
তিনি বলেন, ‘কোনোভাবেই পার্কিং প্লেস ছাড়া বহুতলভবনের অনুমোদন দেয়া হবে না। আগে যারা পার্কিং প্লেস ভাড়া দিয়ে দোকানপাট গড়ে তুলেছেন ইতোমধ্যে এসকল অবৈধ ব্যবসা প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স বাতিল করা হয়েছে। অতি শিঘ্রই জেলা প্রশাসনের সহযোগিতায় অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালানো হবে।’
হকারদের স্থায়ীভাবে পুনর্বাসনে কি ব্যবস্থা নেয়া যায় এনিয়েও ভাবছে পৌরসভা। নির্ধারিত সময়ের মধ্যে শহরে ট্রাক চলাচল নিশ্চিত করতে পুলিশের সহযোগীতা কামনা করেন পৌর প্রশাসক।
পৌরসভার নব নিযুক্ত প্রশাসক নুরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমানের সভাপতিত্বে পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জাকির উদ্দিন পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সামছুদ্দিন, মেডিক্যাল অফিসার ডা: কেপি সাহা, দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, ফেনী ডায়াবেটিক সমিতির সহ-সভাপতি আনম আবদুর রহিম ও সামিউল হক শাহীন, জেলা মহিলাদল সাধারণ সম্পাদক জয়নব বানু, পৌর মহিলাদলের সভাপতি রোকসানা আক্তার প্রমুখ বক্তব্য রাখেন।
