Published on
:
1 min read
পুর এলাকায় বকেয়া সম্পত্তি কর যাঁদের আছে, তাঁদের জন্য সুখবর শোনালেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। বকেয়া সম্পত্তি করে সুদ ও জরিমানা একশো শতাংশ মুকুব করে দেওয়ার কথা ঘোষণা করলেন মন্ত্রী। কলকাতা ও হাওড়ার পরে এ বার আসানসোল পুর এলাকার জন্য বাসিন্দাদের এই ঘোষণা করলেন তিনি।
বুধবার, আসানসোল পুরসভায় একটি সাংবাদিক বৈঠক করে সম্পত্তি করে ছাড়া দেওয়ার কথা ঘোষণা করেন তিনি। এছাড়া বকেয়া যা কর রয়েছে, তার উপর ১০ শতাংশ ছাড় দেওয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রী। আগামী ৩১ মার্চ পর্যন্ত এই সুযোগ পাওয়া যাবে। বাসিন্দাদের সুবিধার জন্য প্রতিটি ওয়ার্ডে ক্যাম্প করা হবে বলে জানিয়েছেন তিনি। ওই ক্যাম্পে এসে বাসিন্দারা তাঁদের বকেয়া সম্পত্তি কর জমা করতে পারবেন।
পাশাপাশি মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানান, আগের তৃণমূল পরিচালিত পুরবোর্ডের সময় আসানসোল পুরসভায় ২০০ কোটি টাকা সম্পত্তি কর বকেয়া আছে। এরমধ্যে আদায় হয়েছে মাত্র ২৮ লাখ টাকা।