ক্রিকেটার কেনাবেচার নিলাম মানেই টাকার অঙ্ক নিয়ে দলগুলোর মধ্যে তুমুল প্রতিযোগিতা। একজন খেলোয়াড়কে পেতে একের পর এক দর হাঁকতে থাকে ফ্র্যাঞ্চাইজিগুলো। শেষ পর্যন্ত যে দল বেশি অর্থ খরচ করতে পারে, পছন্দের ক্রিকেটারকে পাওয়ার দৌড়ে তারাই এগিয়ে থাকে। তবে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের নতুন আয়োজন ডি থ্রি ট্রফিতে সেই চেনা দৃশ্য দেখা যাবে না। এখানে ক্রিকেটার কেনার লড়াই হবে, দর হাকানোও চলবে; তবে টাকার বদলে ব্যবহৃত হবে পয়েন্ট। আর সেই অভিনব নিলামের মঞ্চ মাতাতে বাংলাদেশে আসছেন আইপিএলের পরিচিত অকশনার চারু শর্মা।
আগামী ২৬ অক্টোবর অনুষ্ঠিত হবে ডি থ্রি ট্রফির ক্রিকেটার নিলাম। এতে নাম উঠবে ২৬৯ ক্রিকেটারের। নিলাম পরিচালনার দায়িত্বে থাকবেন ভারতের জনপ্রিয় ক্রীড়া উপস্থাপক ও অকশনার চারু শর্মা। জানা গেছে, বিসিবির আমন্ত্রণে তিনি বাংলাদেশে আসছেন।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) একাধিক আসরে নিলাম পরিচালনা করে ক্রিকেট বিশ্বে পরিচিতি পেয়েছেন এই ভারতীয়। তার সাবলীল উপস্থাপনা ও নিলাম পরিচালনার দক্ষতা এবার বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের নতুন টুর্নামেন্টে যোগ করবে বাড়তি আকর্ষণ।
তবে চারু শর্মার উপস্থিতির চেয়েও নিলামের সবচেয়ে বড় আকর্ষণ হতে যাচ্ছে এর পদ্ধতি। সাধারণত নিলামে দলগুলোর জন্য নির্দিষ্ট অর্থ বরাদ্দ থাকে। সেই অর্থের মধ্যে থেকেই ক্রিকেটার কিনতে হয়। ডি থ্রি ট্রফিতে অর্থের বদলে থাকবে পয়েন্ট পার্স। প্রতিটি দলের জন্য নির্ধারিত পয়েন্টের সীমা থাকবে। সেই সীমা অতিক্রম করে কোনো ক্রিকেটারের জন্য দর হাঁকার সুযোগ নেই। একজন তারকা ক্রিকেটারকে দলে নিতে গিয়ে বাকি স্কোয়াড সাজানোর সামর্থ্য হারানোর ঝুঁকিও নিতে হবে দলগুলোকে!
প্রতিটি দলকে সাজাতে হবে ২৩ জনের স্কোয়াড। এরই মধ্যে আইকন ক্রিকেটার নির্বাচন করা হয়েছে। ফলে নিলামের টেবিলে মূল লড়াই হবে বাকি ২২ ক্রিকেটারকে নিয়ে। কাকে কত পয়েন্টে দলে নেওয়া হবে, কোন পজিশনে কতটা বিনিয়োগ করা হবে, আর শেষ পর্যন্ত নির্ধারিত পয়েন্টের মধ্যে ভারসাম্যপূর্ণ দল গড়া যাবে কি না-এসব হিসাবই হয়ে উঠবে ফ্র্যাঞ্চাইজিগুলোর কৌশলের অংশ।
নিলামের সর্বোচ্চ মূল্যমানের ‘এ’ ক্যাটাগরিতে রয়েছেন জাতীয় দলের একঝাঁক পরিচিত মুখ। এই তালিকায় আছেন জাকের আলী অনিক, মোসাদ্দেক হোসেন সৈকত, মুস্তাফিজুর রহমান, নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, খালেদ আহমেদ, নুরুল হাসান সোহান, সাইফ হাসান, মুমিনুল হক, হাসান মাহমুদ, লিটন দাস, শরিফুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী হাসান, এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, নাহিদ রানা, রিশাদ হোসেন, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, তাওহীদ হৃদয় ও তানজিদ হাসান তামিম।
এ ক্যাটাগরির তারকাদের ঘিরে দলগুলোর আগ্রহ কেমন থাকে, সেটিই হবে নিলামের অন্যতম আকর্ষণ। তবে শুধু বড় নাম কিনলেই হবে না, পয়েন্টের সীমাবদ্ধতায় প্রতিটি দলকে হিসাব করে এগোতে হবে। ব্যাটিং, বোলিং ও অলরাউন্ডারদের সমন্বয়ে কার্যকর স্কোয়াড গড়তে পারাটাই হবে সাফল্যের চাবিকাঠি। ‘এ’ ক্যাটাগরি ছাড়াও আরও চারটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে ক্রিকেটারদের।
ডি থ্রি ট্রফিকে ঘিরে এরই মধ্যে বেশ কিছু কার্যক্রম সম্পন্ন হয়েছে। টুর্নামেন্টের আইকন ক্রিকেটার নির্বাচন এবং কোচিং প্যানেলের ড্রাফটও অনুষ্ঠিত হয়েছে। এবার অপেক্ষা ক্রিকেটারদের দল পাওয়ার। ডিসেম্বরে মাঠে গড়ানোর আগে ২৬ অক্টোবরের নিলামই নির্ধারণ করে দেবে দলগুলোর শক্তি ও ভারসাম্য।
