ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সব টেন্ডার কার্যক্রম ই-জিপির (ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট) মাধ্যমে সরকারি বিধিবিধান অনুসরণ করে পরিচালিত হয়। এখানে দলীয় পরিচয়ের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। রোববার (২৫ অক্টোবর) রাজধানীর মগবাজার ফ্লাইওভারের নিচে সামাজিক উন্নয়ন সংস্থা ফুটস্টেপস আয়োজিত ‘নগর বাগান’ প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এ সময়ে সাম্প্রতিক একটি গণমাধ্যমের সংবাদের কথা উল্লেখ করে প্রশাসক বলেন, ই-জিপির এর মাধ্যমে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ায় টেন্ডার আহ্বান ও কার্যাদেশ প্রদান করা হয়। সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল সাংবাদিকতা ও সততা বজায় রাখার আহ্বান জানান তিনি।
প্রশাসক বলেন, ঢাকা মহানগরীকে আধুনিক, সবুজ ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে ডিএনসিসি ও ফুটস্টেপস যৌথভাবে কাজ করছে উল্লেখ করে প্রশাসক বলেন, পরিবেশ উন্নয়ন ও নগরীর আধুনিকায়নে ফুটস্টেপস দীর্ঘদিন ধরে প্রশংসনীয় ভূমিকা রাখছে।
প্রশাসক আরও বলেন, খাল খনন ও বর্জ্য ব্যবস্থাপনা থেকে শুরু করে নগরজুড়ে সবুজায়নের কার্যক্রম চালিয়ে যাচ্ছে সংস্থাটি। মগবাজারের দীর্ঘদিনের পরিত্যক্ত স্থানে নান্দনিক নগর বাগান নির্মাণ এ উদ্যোগের একটি উল্লেখযোগ্য উদাহরণ।
প্রধানমন্ত্রী ঘোষিত পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়ার লক্ষ্যে ডিএনসিসি ধারাবাহিকভাবে কাজ করছে জানিয়ে শফিকুল ইসলাম খান বলেন, গুলশান লেক সংস্কার ও দৃষ্টিনন্দন গ্রাফিতি অঙ্কনের পাশাপাশি বসিলা ৪০ ফুট খালের দীর্ঘদিনের অবহেলিত পরিস্থিতি পরিবর্তনে উদ্যোগ নেওয়া হয়েছে। সেখানে পথচারীদের বসার জন্য বেঞ্চ, ডাস্টবিন ও সড়কবাতি স্থাপন করা হয়েছে। তিনি আরও বলেন, ৪৫ দিনের বিশেষ কর্মসূচির আওতায় বসিলা খালে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।
নগরীর ফুটপাত দখলমুক্ত করা প্রসঙ্গে ডিএনসিসি প্রশাসক বলেন, নাগরিকদের চলাচলের সুবিধা নিশ্চিত করা ও যানজট নিরসনে অবৈধ দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।
প্রশাসক বলেন, দীর্ঘ ২৫ বছর ধরে দখলে থাকা মিরপুর-১০ নম্বরের ফুটপাত উদ্ধার করা হয়েছে, যা নগরবাসীর জন্য বড় স্বস্তির বিষয়। জনগণের করের টাকায় নির্মিত ফুটপাত নাগরিকদের নির্বিঘ্নে চলাচলের অধিকার নিশ্চিত করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা ও অনুপ্রেরণায় এসব চ্যালেঞ্জ মোকাবিলা করে সফলতা অর্জন করা সম্ভব হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল রাকিবুল হাসান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ক্যাপ্টেন ইফতেখার হোসেনসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
