সৌদি আরবের নাজরান অঞ্চলে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই ক্রু নিহত হয়েছেন। রোববার সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল মালিকি এ তথ্য জানান।
তিনি বলেন, এএইচ-৬আই মডেলের হেলিকপ্টারটি যান্ত্রিক ত্রুটির কারণে বিধ্বস্ত হয়েছে। ঘটনাটি সৌদি ন্যাশনাল গার্ড মন্ত্রণালয়ের আওতাধীন এলাকায় ঘটেছে।
তবে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা দাবি করেছে, ক্ষেপণাস্ত্র ছুড়ে তারা হেলিকপ্টারটি ভূপাতিত করেছে। রোববার এ দাবির পক্ষে একটি ভিডিও প্রকাশ করে তারা। তবে ভিডিওতে ঘটনার দৃশ্য স্পষ্ট নয় এবং রয়টার্সও দাবিটি তাৎক্ষণিকভাবে যাচাই করতে পারেনি। এ বিষয়ে সৌদি কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এর আগে শনিবার হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দাবি করেন, নাজরানের কাছে তারা সৌদি আরবের একটি অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত করেছে। তবে ওই হেলিকপ্টারটি রোববার বিধ্বস্ত হওয়া হেলিকপ্টারটিই কি না, তা স্পষ্ট নয়।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে নাজরান অঞ্চলে হুতিদের হামলা বেড়েছে। সৌদি নেতৃত্বাধীন জোট ও ইয়েমেনভিত্তিক এই গোষ্ঠীর মধ্যে সংঘাতও তীব্র হয়েছে।
সূত্র: রয়টার্স
