সুউচ্চ একটি ভবনের ছাদ থেকে এক তরুণ রাগবি বলে লাথি মারলেন। সেটা উড়ে গিয়ে পড়ল স্টেডিয়ামে, যখন চলছে ব্রেন্টফোর্ড-লিভারপুলের ম্যাচ। শনিবার এই বিপজ্জনক ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর পুলিশের সঙ্গে যোগাযোগ করেছে ব্রেন্টফোর্ড।
জিটেক কমিউনিটি স্টেডিয়ামের কাছের একটি বাসার ছাদ থেকে সরাসরি রাগবি বলটি ইস্ট স্ট্যান্ডের ছাদে পড়ার পর সেটি মাঠের ভেতরে পড়ে। কোনো দর্শক বা ফুটবলার আহত না হলেও ঘটতে পারত ভয়াবহ দুর্ঘটনা। এমন বেপরোয়া আচরণের তীব্র নিন্দা জানিয়েছে ব্রেন্টফোর্ড। এবং একই সঙ্গে পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে তারা।
এই ঘটনায় ব্রেন্টফোর্ড একটি কঠোর বিবৃতি প্রকাশ করেছে, ‘ব্রেন্টফোর্ড ফুটবল ক্লাব শনিবার লিভারপুলের বিপক্ষে ম্যাচ চলাকালে মাঠের দিকে উঁচু থেকে কোনো বস্তু লাথি মেরে ছোড়ার একটি ঘটনা সম্পর্কে অবগত আছে। এমন আচরণ বিপজ্জনক এবং খুব খারাপ কিছু হতে পারত। বিষয়টি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে এবং ক্লাবটি দায়ীদের শনাক্ত করতে ও যথাযথ ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাদের তদন্তে সহযোগিতা করছে। ফৌজদারি মামলাও হতে পারে। ভক্ত, কর্মী, খেলোয়াড় এবং কর্মকর্তাদের ম্যাচের দিনের নিরাপত্তা সর্বোচ্চ গুরুত্বপূর্ণ এবং এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ নিশ্চিত করার সকল প্রচেষ্টাকে ক্লাব সমর্থন করবে।’
ম্যাচে কিন লুইস পটারের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। পরে ভিক্টর মুনোজ সমতা ফেরান এবং আলেক্সান্দার ইসাকের গোলে ঘুরে দাঁড়ানো জয় পায় লিভারপুল।
এফএইচএম
