প্রকাশিত: ১০:৫০, ২২ অক্টোবর ২০২৬ আপডেট: ১০:৫২, ২২ অক্টোবর ২০২৬
এই মৌসুমে রিয়ালের সবচেয়ে ধারাবাহিক পারফরমার এমবাপে ও গুলার।
জোসে মোরিনিওর রিয়াল মাদ্রিদ যেন পণ করেছে প্রতিপক্ষকে গুনে-গুনে ৪ গোল দেওয়ার। রোমার বিপক্ষে ৪ গোল করে শুরু। এরপর সেভিয়ার বিপক্ষেও এক হালি গোল করেছিল স্প্যানিশ জায়ান্টরা। এবার সেই আগুনে পুড়ল আরবি লাইপজিগ।
চ্যাম্পিয়নস লিগে শতভাগ জয়ের ধারা ধরে রেখেছে রিয়াল মাদ্রিদ। বুধবার (২১ অক্টোবর) দিবাগত রাতে লাইপজিগকে ৪-১ গোলে উড়িয়ে দেওয়ার ম্যাচে রিয়ালের জার্সিতে প্রথম গোল করেছেন বের্নার্দো সিলভা। আরও গোল পেয়েছেন এই মৌসুমে লস ব্ল্যাঙ্কসদের সবচেয়ে ধারাবাহিক দুই ফুটবলার আরদা গুলার ও কিলিয়ান এমবাপেও। পুরোনো ক্লাবের বিপক্ষে দারুণ এক ভলিতে স্কোরশিটে নাম লিখিয়েছেন গ্রীষ্মে দলবদল করা ইয়ান দিওমান্দে।
ম্যানচেস্টার সিটি থেকে গ্রীষ্মে রিয়ালে যোগ দেওয়া সিলভা বিরতির ঠিক দুই মিনিট আগে দলকে এগিয়ে দেন। কাছ থেকে বল জালে পাঠিয়ে নতুন ক্লাবের হয়ে প্রথম গোলের স্বাদ পান এই পর্তুগিজ মিডফিল্ডার।
প্রথমার্ধের বড় একটা সময় আক্রমণে বেশি ধার দেখিয়েছে লাইপজিগ। তবে ক্রিস্টোফার এনকুনকু ও রোমুলোকে দারুণ দুটি সেভে আটকে দেন রিয়ালের গোলরক্ষক থিবো কোর্তোয়া। সুযোগ কাজে লাগাতে না পারার খেসারতও দিতে হয় জার্মান ক্লাবটিকে।
বিরতির আগে গুলারের শট এক ডিফেন্ডারের গায়ে লেগে দিক বদলে গোলরক্ষক মার্টেন ভানদেভুর্দের দুই পায়ের ফাঁক দিয়ে গড়িয়ে যাচ্ছিল। সেই বল গোললাইন পেরোনোর আগে কাছ থেকে জালে পাঠান সিলভা।
দ্বিতীয়ার্ধের শুরুতে ফেদেরিকো ভালভার্দের জোরালো শট কর্নারের দিকে ঠেলে দিয়ে দলকে বিপদমুক্ত করেন ভানদেভুর্দে। কিন্তু কিছুক্ষণ পর আর গুলারকে আটকাতে পারেননি তিনি। এমবাপের হেড থেকে আসা বল সহজেই জালে পাঠিয়ে ব্যবধান বাড়ান তুর্কি মিডফিল্ডার।
এরপর জুড বেলিংহামের কাট-ব্যাক থেকে গোলের চেষ্টা করেন এমবাপে। তবে তাঁর শট জালের পাশের অংশে লাগে। গোলের জন্য অপেক্ষা দীর্ঘ হলেও শেষ পর্যন্ত হতাশ হতে হয়নি ফরাসি তারকাকে। বক্সের বাইরে থেকে মাপা বাঁকানো শটে গোল করে চলতি মৌসুমে ১২ ম্যাচে নিজের ১২তম গোলটি করেন তিনি।
ম্যাচের শেষ দিকে সুন্দর এক আক্রমণ থেকে লাইপজিগের হয়ে ব্যবধান কমান তিদিয়াম গোমিস। তবে দুই মিনিটের মধ্যেই রিয়ালের হয়ে জবাব দেন বদলি হিসেবে নামা দিওমান্দে। গ্রীষ্মে লাইপজিগ ছেড়ে আসা এই খেলোয়াড় বক্সের বাইরে থেকে দুর্দান্ত ভলিতে বল জালে পাঠিয়ে সাবেক ক্লাবের বিপক্ষে গোল উদ্যাপন করেন।
এই জয়ে চ্যাম্পিয়নস লিগে শতভাগ জয়ের ধারা ধরে রাখল রিয়াল মাদ্রিদ। সামনে অবশ্য আরও বড় পরীক্ষা! আগামী ২৫ অক্টোবর মৌসুমের প্রথম এল ক্লাসিকোয় বার্সেলোনার মুখোমুখি হবে রিয়াল।
