দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের আত্মহত্যায় প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জি এম নজরুল ইসলামের জামিন আবেদন ফের নামঞ্জুর করেছেন আদালত।
আজ রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর শুনানি নিয়ে এ আদেশ দিয়েছেন।
নজরুল ইসলামের পক্ষে অ্যাডভোকেট মাহাবুবুর রহমান জামিন চেয়ে শুনানি করেন। এদিনও আপোষ হয়ে জানিয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করেন।
এর আগে, গত ৩০ সেপ্টেম্বর ও ৭ অক্টোবরও আপোষ হয়েছে মর্মে জানিয়ে নজরুল ইসলামের জামিন আবেদন করা হলে নামঞ্জুর করে আদালত।
গত ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় সংসদ ভবনের উল্টো দিকের ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। এরপর রাতে সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকছুদাকে হেফাজতে নেয় পুলিশ। রাতেই আত্মহত্যার প্ররোচনার অভিযোগে সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম, তার স্ত্রী মাকছুদা ইসলাম ও নিহতের মামা ওবায়দুর রহমানের বিরুদ্ধে মামলা করেন মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহ। পরদিন শেরেবাংলা নগর থানার এসআই মো. শামসুজ্জোহা সরকারের আবেদনে নজরুল ইসলামকে চারদিন ও মাকছুদা ইসলামের একদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
নজরুল ইসলামের সঙ্গে প্রথম দফায় মাকছুদা ইসলামের গত ২১ সেপ্টেম্বর এক দিনের রিমান্ড মঞ্জুর হয়। রিমান্ড শেষে পরদিন তাকে কারাগারে পাঠানো হয়। আর দুই দফায় ৮ দিনের রিমান্ড শেষে গত ২৮ সেপ্টেম্বর নজরুল ইসলামকে কারাগারে পাঠানো হয়।
গত ৩০ সেপ্টেম্বর আদালত নজরুল ইসলাম ও মাকছুদা ইসলামের জামিন আবেদন করা হলে মাকছুদাকে জামিন দেন আদালত। তবে নজরুল ইসলামের জামিন নামঞ্জুর করেন। গ্রেপ্তারের পর গত ২৩ সেপ্টেম্বর ওবায়দুর রহমানকে কারাগারে পাঠানো হয়। তাকে রিমান্ডেও নেওয়া হয়।
