সাজেক থেকে ফেরার পথে জিপ উল্টে শিশুসহ আহত ৭ পর্যটক
রাঙামাটির সাজেক ভ্যালি থেকে ফেরার পথে শিজকছড়া এলাকায় পর্যটকবাহী একটি জিপ উল্টে এক শিশুসহ সাতজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে দুজন গুরুতর আহত। আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
বাংলাদেশ
জার্নাল ডেস্করাঙামাটির পর্যটন কেন্দ্র সাজেক ভ্যালি থেকে ফেরার পথে একটি জিপ উল্টে গিয়ে এক শিশুসহ সাত পর্যটক আহত হয়েছেন।
রোববার সকাল ১১টার দিকে সাজেক পর্যটক সড়কের শিজকছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন।
আহত ব্যক্তিরা হলেন মো. আজাহার মিয়া (৬০), শাহানারা আক্তার (৪৫), মো. আরিফুর রহমান (৩৫), মো. সোহরাব (২৬), নাসরিন (৩৫), মো. শাহজাহান (৪৫) ও মোসা. আশা (১৩)। তাঁরা সবাই মানিকগঞ্জ জেলার সিংগাইর থানার বাসিন্দা।
ওসি তোফাজ্জল হোসেন বলেন, সকালে সাজেক পর্যটন কেন্দ্র থেকে খাগড়াছড়ি ফেরার পথে শিজকছড়া এলাকায় পর্যটকবাহী জিপটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।
এতে সাত পর্যটক আহত হয়েছেন। তাঁদের মধ্যে দুজন গুরুতর আহত হয়েছেন। একজনের মাথা ফেটে গেছে, আরেকজনের হাত ভেঙে গেছে।
আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।
বাংলাদেশ জার্নাল/এনএম