নওগাঁর মান্দায় আগামী ডিসেম্বর মাসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরছেন—এমন প্রচারণা চালিয়ে মাইকিং করার অভিযোগে চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক এক নেতাসহ ১৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করে থানায় মামলা করা হয়েছে।
গ্রেফতার ব্যক্তিরা হলেন, উপজেলার কালিকাপুর ইউনিয়নের নলতৈড় গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে মামুন (৪৫), একই গ্রামের মৃত ইব্রাহীমের ছেলে নুরুল ইসলাম নরু (৪৮), কাঁশোপাড়া ইউনিয়নের রাঙ্গামাটিয়া গ্রামের আব্দুল জলিল প্রামাণিকের ছেলে শহিদুল ইসলাম শহীদ (৪৫) এবং নলতৈড় গ্রামের মৃত রিয়াজের ছেলে অটোচার্জারচালক কাবিল হোসেন (৪০)।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার উপজেলার কালিকাপুর ইউনিয়নের জয়বাংলা মোড় এলাকায় একটি অটোচার্জারে মাইক লাগিয়ে আগামী ডিসেম্বরে শেখ হাসিনা দেশে ফিরছেন বলে প্রচারণা চালানো হয়। এ সময় মাইকিংয়ের দৃশ্য ধারণ করে ৩৭ সেকেন্ডের একটি ভিডিও ‘আসলাম টিপু’ নামের ফেসবুক অ্যাকাউন্ট থেকে প্রকাশ করা হয়।
ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। বিষয়টি পুলিশের নজরে এলে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান শুরু হয়। পরে রাজশাহীর বাগমারা থানা এলাকা থেকে অটোচার্জারচালক কাবিল হোসেনকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় আরও তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ।
মামলার এজাহার অনুযায়ী, অন্যতম আসামি আসলাম হোসেন টিপু (৩০) উপজেলার কাঁশোপাড়া ইউনিয়নের গঙ্গারামপুর বাসাপাড়া গ্রামের আছির উদ্দিনের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বলেন, ‘মাইকিংয়ের ঘটনায় চার জনকে গ্রেফতার করা হয়েছে। প্রচারণায় ব্যবহৃত অটোচার্জারটিও জব্দ করা হয়েছে। এ ঘটনায় ১৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করে মামলা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘মামলার অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।’
