অনুষ্ঠানে চট্টগ্রামের ১৫টি উপজেলা ও ছয়টি শিক্ষা থানায় নিয়োগপ্রাপ্ত ৪৬০ সহকারী শিক্ষককে লটারির মাধ্যমে পদায়ন করা হয়। অনুষ্ঠানের শুরুতে প্রতিটি উপজেলা ও শিক্ষা থানায় নিয়োগ পরীক্ষায় প্রথম স্থান অর্জনকারী শিক্ষকদের ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান জেলা প্রশাসক।
চট্টগ্রামে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন নিয়োগ পাওয়া ৪৬০ সহকারী শিক্ষককে লটারির মাধ্যমে পদায়ন করা হয়েছে। নিয়োগ ও পদায়ন প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে এ উদ্যোগ নিয়েছে জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়।
আজ শনিবার সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম পিটিআই অডিটোরিয়ামে এ পদায়ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পাঠান মো. সাইদুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফিরোজ আহমেদ। এ সময় নিয়োগপ্রাপ্ত শিক্ষকসহ জেলা ও উপজেলা পর্যায়ের প্রাথমিক শিক্ষা কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে চট্টগ্রামের ১৫টি উপজেলা ও ছয়টি শিক্ষা থানায় নিয়োগপ্রাপ্ত ৪৬০ সহকারী শিক্ষককে লটারির মাধ্যমে পদায়ন করা হয়। অনুষ্ঠানের শুরুতে প্রতিটি উপজেলা ও শিক্ষা থানায় নিয়োগ পরীক্ষায় প্রথম স্থান অর্জনকারী শিক্ষকদের ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান জেলা প্রশাসক।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা বলেন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে নিয়োগ পাওয়ার পর শিক্ষকদের পছন্দের বিদ্যালয়ে পদায়ন হওয়ার প্রত্যাশা থাকে। তবে এ প্রক্রিয়ায় বিভিন্ন সময় নানা ধরনের অভিযোগও ওঠে। সরকার নিয়োগ ও পদায়নের ক্ষেত্রে সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে চায়। এরই অংশ হিসেবে চট্টগ্রামে নতুন নিয়োগ পাওয়া শিক্ষকদের লটারির মাধ্যমে পদায়ন করা হচ্ছে।
তিনি বলেন, স্বচ্ছ প্রক্রিয়ায় পদায়ন পাওয়া শিক্ষকরা এ উদ্যোগের মর্যাদা রক্ষা করবেন বলে আশা করি। তারা নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দিতে কাজ করবেন।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফিরোজ আহমেদ বলেন, প্রাথমিক শিক্ষকদের নিয়োগ ও পদায়নের ক্ষেত্রে সরকার সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিত করতে চায়। লটারির মাধ্যমে শিক্ষকদের পদায়ন করে চট্টগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় অনন্য নজির সৃষ্টি করেছে। প্রাথমিক শিক্ষা কার্যক্রমের পাশাপাশি শিক্ষকদের বদলি ও পদায়নের ক্ষেত্রেও স্বচ্ছতার এ ধারা অব্যাহত রাখতে চায় অধিদপ্তর।
জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম জেলায় সহকারী শিক্ষক পদে মোট ৫৫১ জন নিয়োগ পেয়েছেন। তাদের মধ্যে চূড়ান্তভাবে ৪৬০ জনকে লটারির মাধ্যমে পদায়ন করা হয়েছে।
অনুষ্ঠানে জেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রবিউল হোসেনসহ জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
