সংবাদ বিজ্ঞপ্তি · ২৩ অক্টোবর, ২০২৬ ১২:১৯ পূর্বাহ্ন
সিলেটের এয়ারপোর্ট থানা এলাকায় অভিযান চালিয়ে ৫৬ ক্যারেটে ১ হাজার ২৩২ কেজি ভারতীয় টমেটো এবং একটি মিনি পিকআপ জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় দুজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। এসএমপির মিডিয়া সেলের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, ২২ অক্টোবর রাত ১২টা ৫ মিনিটে এসআই মোহাম্মদ সরওয়ার্দীর নেতৃত্বে একটি দল এয়ারপোর্ট থানাধীন পাটানগাঁও এলাকায় চেকপোস্ট পরিচালনা করছিল। এ সময় পুলিশের সংকেত অমান্য করে পালানোর চেষ্টার সময় একটি রেজিস্ট্রেশনবিহীন মিনি পিকআপসহ দুজনকে আটক করা হয়। পরে পিকআপে তল্লাশি চালিয়ে আনুমানিক ১ লাখ ২৩ হাজার ২০০ টাকা মূল্যের টমেটো জব্দ করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন মো. শায়েখ (২০) ও মো. হেলাল (৪৫)।
এ ঘটনায় এয়ারপোর্ট থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা হয়েছে। আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গুগলে আমাদের খবর পেতে
