ছবির ক্যাপশন: .
আসিফ চৌধুরী, বিশেষ সংবাদদাতা, ঢাকা :
আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতি সামনে রেখে প্রতিদিন কাজ করছেন জানিয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ভালো প্রকল্পগুলো বন্ধ রাখা যাবে না।
আজ শনিবার (১৫ নভেম্বর) কেরানীগঞ্জের দাড়িপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাধার সংস্কার প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।
রিজওয়ানা হাসান বলেন, ঢাকার খালগুলো খনন করলেও দ্রুত ভরে যাচ্ছে। বর্জ্য নিষ্কাশনের দীর্ঘ neglect তুলে ধরে তিনি বলেন, “৫৪ বছরে যা হয়নি, এক বছরে তা সম্ভব নয়। দায় সবার।”
তিনি আরও বলেন, প্রকৃত মৎস্যজীবীরা খালের ইজারা পাচ্ছেন না। এজন্য প্রশাসনকে বিকেন্দ্রীকরণ করে নিশ্চিত করতে হবে যে প্রকৃত ব্যবহারকারীরাই সুবিধা পাচ্ছেন।
উন্নয়নকে শুধু সড়ক বা সেতুতে সীমাবদ্ধ না রেখে টেকসই প্রকল্পে জোর দেওয়ার কথাও বলেন তিনি। একই সঙ্গে মানবদেহে মাইক্রোপ্লাস্টিক ছড়িয়ে যাওয়ার ঝুঁকি তুলে ধরে পলিথিন ব্যবহার কমানোর জন্য সচেতনতার আহ্বান জানান।
রিজওয়ানা হাসান বলেন, “গণতন্ত্রে সব নাগরিকের ভূমিকা থাকে। পরিবেশ ও গণতন্ত্র আলাদা নয়। নেতাকে জবাবদিহিতার মধ্যে রাখতে হবে।”পলিথিনের বিকল্প হিসেবে তিনি পাটের ব্যাগ ব্যবহারের অভ্যাস গড়ে তুলতে নাগরিকদের উৎসাহিত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ এবং ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী। কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিনাত ফৌজিয়া, সভাপতিত্ব করেন ঢাকা জেলা প্রশাসক তানভীর আহমেদ।
জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের অর্থায়নে এবং জেলা প্রশাসন, ঢাকা কর্তৃক বাস্তবায়িত এই প্রকল্পে ৯ কোটি ৪৬ লাখ টাকা ব্যয়ে মোট ৪৪টি খাস পুকুর খনন, সংস্কার ও সৌন্দর্যবর্ধন করা হবে। প্রকল্পের মাধ্যমে জলাধার সংরক্ষণ, নান্দনিকতা বৃদ্ধি, জলাবদ্ধতা প্রতিরোধ ও স্থানীয় জীববৈচিত্র্য রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে বলেও উল্লেখ করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
