মাহফিজুল ইসলাম রবিনের আরো এক সেঞ্চুরি। জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) তৃতীয় রাউন্ডেও ব্যাট হাতে জ্বলে উঠলেন তিনি। আজ রোববার ঢাকার বিপক্ষে সেঞ্চুরি করে অপরাজিত আছেন ময়মনসিংহের এই ব্যাটার।
কক্সবাজার একাডেমি মাঠে রবিন ও খালিদ হাসানের ব্যাটে ভালো শুরু পায় ময়মনসিংহ বিভাগ। তবে ইনিংসের ১৯তম ওভারে তাদের জুটি ভাঙেন আরিফ আহমেদ। ৫০ রানে ২ উইকেট হারানোর পর জুটি গড়ে তোলেন রবিন ও আব্দুল মজিদ। ১৪৫ বলে হাফ সেঞ্চুরি করেন রবিন। উইকেটে অনেকটা সময় টিকে থাকলেও ৮৩ বলে ১৮ রান করে আউট হয়েছেন মজিদ।
শেষ বিকেলে রিজান হোসেন ও রবিন মিলে ময়মনসিংহকে বড় সংগ্রহের ভিত গড়ে দেন। দুর্দান্ত ব্যাটিংয়ে ২১৬ বলে সেঞ্চুরি করেন রবিন। প্রথম দিনের খেলা শেষে তিনি অপরাজিত ১১৬ রানে। তাকে সঙ্গ দেওয়া রিজান অপরাজিত ৪৩ রানে। প্রথম দিন শেষে ঢাকার বিপক্ষে ৪ উইকেটে ২২৬ রান তুলেছে ময়মনসিংহ।
দিনের আরেক ম্যাচে রংপুরের বিপক্ষে সিলেটের হয়ে লড়েছেন জাকির হাসান। এদিন টস জিতে ব্যাটিংয়ে নেমে সপ্তম ওভারেই সৈকত আলীর উইকেট হারায় সিলেট। পরে ফিরেছেন অমিত হাসানও। ৪৩ রানে ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়ে সিলেট। সেখান থেকে টেনে তোলার চেষ্টা করেন জাকির ও জাকের আলী।
৫৬ বলে ১৭ রান করেন জাকের। সাবধনী ব্যাটিংয়ে ১১১ বলে হাফ সেঞ্চুরি করেন অধিনায়ক জাকির। তবে ১৩৫ বলে ৭১ রানের ইনিংস খেলে রিটায়ার্ট হার্ট হন বাঁহাতি ওপেনার। পেশিতে টান লাগায় তিনি য়ার ব্যাটিং চালিয়ে যেতে পারেননি। এরপর ফিরেন আশরাফুল হাসান রিহাদ ও তোফায়েল আহমেদও। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৭৯ রানে অল আউট হয়েছে সিলেট। রংপুরের হয়ে তিনটি করে উইকেট নিয়েছেন মেহেদী ও স্বাধীন ইসলাম।
এসএইচ/এইচজেএস
