ছবির ক্যাপশন: .
আসিফ চৌধুরী, বিশেষ সংবাদদাতা , ঢাকা :
ঢাকার কেরানীগঞ্জে মৎস্য আইন বাস্তবায়নে অভিযান চালিয়ে প্রায় ৩০০ কেজি জাটকা জব্দ করেছে উপজেলা মৎস্য দপ্তর। পরে জব্দ করা জাটকা বিভিন্ন এতিমখানা ও দুস্থ পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে কেরানীগঞ্জ উপজেলার চুনকুটিয়া, হাসনাবাদ, জিনজিরা, আগানগর, আব্দুল্লাপুর ও হিজলতলা এলাকার বিভিন্ন খুচরা মাছের বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের নেতৃত্ব দেন কেরানীগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কারিশমা আহমেদ জাকসি। উপজেলা মৎস্য দপ্তর জানায়, অভিযানে অবৈধভাবে আহরিত ও বাজারজাতকৃত জাটকা জব্দ করা হয়।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা কারিশমা আহমেদ জাকসি বলেন, জাটকা আহরণ, পরিবহন ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ। এ আইন কার্যকরে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। জাটকা সংরক্ষণ করা গেলে জাতীয় মাছ ইলিশের উৎপাদন বাড়বে এবং মৎস্যজীবীরা অর্থনৈতিকভাবে লাভবান হবেন।
মৎস্য দপ্তর আরও জানায়, সরকারি নির্দেশনা অনুযায়ী প্রতিবছর ১ নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত ১০ ইঞ্চি বা ২৫ সেন্টিমিটারের কম আকারের ইলিশ মাছ (জাটকা) আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ ও ক্রয়-বিক্রয় নিষিদ্ধ। ইলিশের প্রজনন ও উৎপাদন রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।
