দেশের বাজারে ফের সোনা ও রুপার গয়নার দাম কমেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছ, তেজাবী সোনা ও রুপার (পিওর গোল্ড ও সিলভার) দাম কমে যাওয়ায় নতুন করে বিক্রয়মূল্য নির্ধারণ করেছে সংগঠনটি। আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে।
বাজুস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ২৬ হাজার ২৭৯ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের সোনার গয়নার প্রতি ভরির দাম ২ লাখ ১৬ হাজার ১৩২ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৫ হাজার ৬১৮ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার গয়নার প্রতি ভরির দাম ১ লাখ ৫১ হাজার ৮৭০ টাকা।
অন্যদিকে রুপার গয়নার ক্ষেত্রেও নতুন দাম নির্ধারণ করেছে বাজুস। ২২ ক্যারেটের রুপার গয়নার প্রতি ভরির দাম ৪ হাজার ২৪ টাকা আর ২১ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৮৪৯ টাকা। অন্যদিকে ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৩২৩ টাকা আর সনাতন পদ্ধতির রুপার গয়না প্রতি ভরি ২ হাজার ৫০৭ টাকা।
বাজুস আরও জানিয়েছে, গয়নার নকশা অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। সোনা ও রুপার গয়নার বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় ক্রেতাদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।
এ ছাড়া মজুরি ও পাথরের দাম বাদ দিয়ে গয়না এক্সচেঞ্জের ক্ষেত্রে ১২ শতাংশ এবং পারচেজের ক্ষেত্রে ১৮ শতাংশ বাদ দিতে হবে। উভয় ক্ষেত্রেই আলাদাভাবে ভ্যাট বাদ দেওয়া যাবে না।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে নতুন এ দাম কার্যকর থাকবে।
