আজকাল ওয়েবডেস্ক: রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর প্রথম দুর্গাপুজো। আর সেই পুজোতেই রাজ্যজুড়ে বিজেপির বইয়ের স্টলের সংখ্যা বেড়েছে বলে দাবি দলীয় সূত্রে। শুধু দলের কর্মী সমর্থক নন, বইয়ের স্টলে ভিড় জমিয়েছেন সাধারণ মানুষও।
প্রাথমিক হিসাব অনুযায়ী, ৪৩টি সাংগঠনিক জেলার প্রতিটিতে প্রায় ২ থেকে আড়াই লক্ষ টাকার বই বিক্রি হয়েছে। বিজেপি সূত্রে খবর, চূড়ান্ত হিসাব সামনে এলে বিক্রির পরিমাণ আরও বাড়তে পারে।
প্রাথমিক হিসাব অনুযায়ী, রাজ্যের ৪৩টি সাংগঠনিক জেলার প্রতিটিতে প্রায় ২ থেকে আড়াই লক্ষ টাকার বই বিক্রি হয়েছে। যদিও চূড়ান্ত হিসাব সামনে এলে এই পরিমাণ আরও বাড়তে পারে বলে দলীয় সূত্রের খবর ।
এবারের বইয়ের স্টলে বিশেষ গুরুত্ব পেয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠাতা ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় এবং স্বামী বিবেকানন্দকে নিয়ে লেখা বই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন, রাজনৈতিক দর্শন এবং কাশ্মীরের সঙ্গে তাঁর সম্পর্ক ও অবদান নিয়েও বইয়ের চাহিদা ছিল বলে দলীয় সূত্রে খবর। পাশাপাশি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (আরএসএস) ইতিহাস ও কর্মপদ্ধতি, হিন্দুত্বের তাত্ত্বিক ব্যাখ্যা এবং রাজনৈতিক দল হিসেবে বিজেপির উত্থানের ইতিহাস নিয়েও বই রাখা হয়েছিল স্টলগুলিতে।
বিজেপির সাহিত্য বিভাগের ইনচার্জ সপ্তর্ষি চৌধুরী জানিয়েছেন, রাজ্যের ৪৩টি সাংগঠনিক জেলায় ভালো সাড়া মিলেছে। প্রতিটি সাংগঠনিক জেলার বিভিন্ন মণ্ডলে তিন থেকে চারটি করে বইয়ের স্টল করা হয়েছিল। তাঁর কথায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে নিয়ে লেখা বইয়ের চাহিদা ছিল তুলনামূলক বেশি।
টালা বারোয়ারিতে বইয়ের স্টলের পাশাপাশি ছিল বিশেষ প্রদর্শনী। সেখানে শহিদদের ছবি এবং তাঁদের জীবন ও ইতিহাসের বিভিন্ন দিক তুলে ধরা হয়। বই বিক্রির পাশাপাশি মানুষকে দাঁড়িয়ে বই পড়ার সুযোগ করে দেওয়ার উদ্যোগও নেওয়া হয়েছিল। আয়োজকদের দাবি, এই প্রদর্শনীতেও দর্শকদের ভালো সাড়া মিলেছে।
বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য যোধপুর পার্ক ও টালা বারোয়ারি-সহ বিভিন্ন জায়গার বইয়ের স্টল পরিদর্শন করেন। বিজেপি সূত্রের দাবি, এবারের স্টলগুলিতে শুধু দলের কর্মী-সমর্থকেরাই নন, সাধারণ পাঠকরাও এসেছেন। তাঁদের মধ্যে কোন ধরনের বইয়ের প্রতি আগ্রহ বেশি, তা নিয়ে দলের সাহিত্য বিভাগের মধ্যেও পর্যালোচনা চলছে বলে জানা গিয়েছে।
বইয়ের স্টলে সাড়া পাওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে সপ্তর্ষি চৌধুরী বলেন , রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার কারণেই শুধু স্টলের সংখ্যা বেড়েছে, বিষয়টি এমন নয়। তাঁর দাবি, আগে বিজেপির মতাদর্শে বিশ্বাসী অনেক মানুষ প্রকাশ্যে নিজেদের মতামত জানাতে কিংবা সেই মতাদর্শের বই পড়তে অস্বস্তি বা ভয়ের মধ্যে থাকতেন। বর্তমানে মানুষের ভরসা বেড়েছে বলেই তাঁর মত।
