মুক্তির আর মাত্র কয়েক দিন বাকি। এরই মধ্যে আইনি জটিলতায় পড়েছে বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানা ও সারা আলি খান অভিনীত সিনেমা ‘উড়তা তীর’। আগামী ২৩ অক্টোবর মুক্তির কথা রয়েছে ছবিটির। তবে মুক্তির আগে নেপালে সিনেমাটি প্রদর্শনের অনুমতি দেয়নি দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ফলে আপাতত নেপালের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে না করণ জোহরের প্রযোজনা সংস্থার ব্যানারে নির্মিত ছবিটি।
মুক্তির আগে সিনেমাটির ট্রেলার দর্শকমহলে বেশ সাড়া ফেলেছিল। কিন্তু শেষ মুহূর্তে নেপালে প্রদর্শন নিয়ে তৈরি হয়েছে জটিলতা। সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, নেপালের কেন্দ্রীয় চলচ্চিত্র সেন্সর বোর্ড ছবিটি পর্যালোচনার পর দেশটির চলচ্চিত্র আইন লঙ্ঘনের অভিযোগ তোলে। এরপর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের অডিও-ভিজ্যুয়াল ও ব্রডকাস্টিং বিভাগ সিনেমাটি প্রকাশ্যে প্রদর্শনের অনুমতি দেয়নি।
বিজ্ঞাপন
নেপালের কেন্দ্রীয় চলচ্চিত্র সেন্সর বোর্ডের দাবি, ‘উড়তা তীর’ দেশটির জাতীয় চলচ্চিত্র আইন ২০২৬-এর ৮(৩) ধারা লঙ্ঘন করেছে। এ কারণেই ছবিটির প্রদর্শনের অনুমতি দেওয়া হয়নি বলে জানা গেছে।
কাঠমান্ডুর অলোকনগরে অবস্থিত ন্যাশনাল সিনেমা গ্রুপ নেপাল প্রাইভেট লিমিটেডকে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। তবে সিনেমাটির কোন দৃশ্য, সংলাপ কিংবা বিষয়বস্তু নিয়ে কর্তৃপক্ষের আপত্তি রয়েছে, তা এখনো স্পষ্ট করা হয়নি। ফলে ঠিক কী কারণে ছবিটিকে সংশ্লিষ্ট আইনের পরিপন্থী বলে বিবেচনা করা হয়েছে, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।
বিজ্ঞাপন
স্পাই-কমেডি ঘরানার ‘উড়তা তীর’ সিনেমায় পাকিস্তানি গুপ্তচর বিলাল আহমেদের চরিত্রে অভিনয় করেছেন আয়ুষ্মান খুরানা। গল্পে একটি দুর্ঘটনার পর স্মৃতিশক্তি হারিয়ে ফেলে বিলাল। একপর্যায়ে ভুলবশত নিজেকেই ভারতীয় গুপ্তচর বলে মনে করতে শুরু করে সে। এই অদ্ভুত পরিস্থিতিকে কেন্দ্র করেই এগিয়ে যাবে সিনেমার কাহিনি।
ছবিটির গুরুত্বপূর্ণ চরিত্রে আরও অভিনয় করেছেন রাহুল বোস, রাম কাপুর, মুকুল দেব ও সুপ্রিয়া পিলগাঁওকরসহ অনেকে। করণ জোহরের প্রযোজনা সংস্থার ব্যানারে নির্মিত সিনেমাটি ঘিরে মুক্তির আগে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছিল।
তবে নেপালে প্রদর্শনের অনুমতি না পাওয়ায় ছবিটির মুক্তি পরিকল্পনায় নতুন জটিলতা তৈরি হয়েছে। এই সিদ্ধান্ত সিনেমাটির আন্তর্জাতিক প্রদর্শনে কতটা প্রভাব ফেলবে, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। একই সঙ্গে কর্তৃপক্ষের আপত্তির সুনির্দিষ্ট কারণ জানার অপেক্ষায় রয়েছেন সিনেমাটির দর্শকরা।
এমএমএফ
ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।
