ঝালকাঠিতে মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে জেলেদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) বিকেলে ঝালকাঠি শহরের কলাবাগান এলাকার সুগন্ধা নদীর পাড়ে জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়ন ও জেলেদের সচেতন করার বিষয়ে আলোচনা করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আব্দুল্লাহ আল মামুন, মৎস্য অধিদপ্তরের সিনিয়র সহকারী পরিচালক প্রণব কুমার বিশ্বাস এবং ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সেগুফতা মেহনাজ।
সভাপতিত্ব করেন জেলা মৎস্য কর্মকর্তা মো. এনামুল হক। আরও উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সাইয়্যেদা, নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহবুবুর রহমান, ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলামসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় জেলেরা উপস্থিত ছিলেন।
সভায় মা ইলিশ রক্ষায় সরকারি নিষেধাজ্ঞা মেনে চলার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। এ সময় জেলেদের প্রজনন মৌসুমে নদীতে ইলিশ শিকার না করা এবং নিষেধাজ্ঞা বাস্তবায়নে প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়। পাশাপাশি ইলিশের উৎপাদন বৃদ্ধি ও ভবিষ্যতে জেলেদের জীবিকা সুরক্ষায় মা ইলিশ সংরক্ষণের গুরুত্ব নিয়েও আলোচনা করা হয়।
উল্লেখ্য, মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদীসহ দেশের নির্ধারিত নদ-নদীতে ইলিশ ধরা, পরিবহন, মজুত, বিক্রি ও কেনাবেচা নিষিদ্ধ করা হয়েছে। এ সময়ে নিষেধাজ্ঞা বাস্তবায়নে ঝালকাঠির চার উপজেলায় প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের উদ্যোগে অভিযান পরিচালনা করা হচ্ছে। নিষেধাজ্ঞার আওতায় থাকা জেলেদের সহায়তায় সরকারিভাবে পরিবারপ্রতি ২৫ কেজি করে ভিজিএফের চাল বরাদ্দ দেওয়া হয়েছে।
