প্রিয়জনের স্বজন হারানোর বেদনা কেবল গভীর এক মানসিক শোকই বয়ে আনে না, সেইসঙ্গে রেখে যায় প্রশাসনিক কাজের বড় চাপ– ঘরবাড়ি বিক্রি, মোবাইল বিল বাতিল বা রেখে যাওয়া আসবাবপত্র ও জিনিসপত্রের সুরাহা করা।
প্রযুক্তির এই যুগে মানুষ যেভাবে অনলাইনকেন্দ্রিক হয়ে উঠছে, তার মৃত্যুর পর রেখে যাওয়া স্মৃতি ও তথ্যগুলোও এখন বেশি ডিজিটাল হয়ে পড়ছে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সংবাদের সাইট এনগ্যাজেট।
এমন পরিস্থিতিতে জীবনের এ অনিবার্য সত্যের মুখে পড়ার আগে গুগল ও অ্যাপল অ্যাকাউন্টের বিষয়ে কী ধরনের প্রস্তুতি নেওয়া উচিত? আর প্রিয়জনের মৃত্যুর পর তাদের অ্যাকাউন্টের তথ্যগুলো কীভাবে সামলানো সম্ভব?
মৃত্যুর পর কারো ব্যক্তিগত অ্যাকাউন্টগুলোর পরিণতি কী হবে তা নির্ভর করে জীবিত অবস্থায় সেই ব্যক্তি কোনো আগাম প্রস্তুতি নিয়ে রেখেছিলেন কি না তার ওপর।
প্রযুক্তি খাতের অধিকাংশ মূল প্ল্যাটফর্মেই এখন মানুষের ‘ডিজিটাল উত্তরাধিকার’ বা ডিজিটাল লিগ্যাসি ব্যবস্থাপনার সুযোগ রয়েছে। তবে এসব সুবিধা পেতে হলে মৃত্যুর আগেই সুনির্দিষ্ট সিদ্ধান্ত নিয়ে বিশ্বস্ত কোনো প্রতিনিধিকে তথ্যে প্রবেশের অনুমতি দিয়ে যেতে হয়।
জীবিত অবস্থায় আগাম সিদ্ধান্ত নেওয়া না থাকলে সেই অ্যাকাউন্টের ভাগ্য পুরোপুরি নির্ভর করে সংশ্লিষ্ট প্রযুক্তি প্ল্যাটফর্মের নিজস্ব নীতিমালার ওপর, যা গুগল ও অ্যাপলের ক্ষেত্রে সম্পূর্ণ আলাদা।
নিজের ডিজিটাল অ্যাকাউন্টের আগাম সুরাহা করতে বা সম্প্রতি প্রিয়জন হারিয়ে তাদের অ্যাকাউন্ট নিয়ে করণীয় ঠিক করতে এসব নিয়মগুলো জেনে রাখা জরুরি।
মৃত্যুর পর গুগল অ্যাকাউন্টের কী হয়?
এককথায় বললে, জীবিত অবস্থায় কোনো আগাম পরিকল্পনা বা সেটিং পরিবর্তন করে না গেলে মৃত্যুর পরও গুগল অ্যাকাউন্টে স্বয়ংক্রিয়ভাবে কিছুই হবে না।
তবে গুগল এখন ব্যবহারকারীদের ডিজিটাল উত্তরাধিকার সামলানোর কাজটি সহজ করে দিয়েছে।
মৃত্যুর পর বা দীর্ঘমেয়াদে অ্যাকাউন্ট নিষ্ক্রিয় হয়ে পড়লে তা কীভাবে সামলানো হবে এটা নির্দিষ্ট করে দিতে ২০১৩ সালেই ‘ইনঅ্যাক্টিভ অ্যাকাউন্ট ম্যানেজার’ নামে একটি বিশেষ ফিচার চালু করেছে গুগল।
এই সেবার মাধ্যমে একজন ব্যবহারকারী নির্দিষ্ট করে দিতে পারেন, টানা তিন, ছয় বা ১২ মাস অ্যাকাউন্ট নিষ্ক্রিয় থাকলে তা থেকে সব তথ্য স্বয়ংক্রিয়ভাবে মুছে ফেলা হবে কি না।
এ ছাড়া ব্যবহারকারীরা চাইলে তাদের সব গুরুত্বপূর্ণ তথ্য, যেমন ইমেইল বার্তা, কন্টাক্ট লিস্ট, ইউটিউব চ্যানেলসহ অন্যান্য তথ্য সর্বোচ্চ ১০ জন বিশ্বস্ত ব্যক্তির কাছে পাঠিয়ে দেওয়ার অনুরোধও আগে থেকেই নিশ্চিত করে যেতে পারেন।
গুগলের নতুন ফিচারটি চালুর সময় কোম্পানিটির তৎকালীন প্রোডাক্ট ম্যানেজার আন্দ্রেয়াস টুয়ার্ক বলেছিলেন, “আমরা আশা করছি, নতুন সুবিধাটি ব্যবহারকারীদের নিজস্ব প্রাইভেসি ও নিরাপত্তা ধরে রেখেই মৃত্যুর পরবর্তী তথ্য ব্যবস্থাপনার আগাম পরিকল্পনা করতে সাহায্য করবে।”
ব্যবহারকারী যদি আগে থেকে ‘ইনঅ্যাক্টিভ অ্যাকাউন্ট ম্যানেজার’ সেটিং চালু করে না রাখেন তবে দীর্ঘ দিন ব্যবহারহীন থাকার কারণে গুগল তার অ্যাকাউন্টটি পুরোপুরি মুছে দিতে পারে।
নীতিগতভাবে, টানা ন্যূনতম দুই বছর কোনো সক্রিয়তা না থাকলে গুগলের সিস্টেম অ্যাকাউন্টটি মুছে ফেলার প্রক্রিয়া শুরু করে।
অ্যাকাউন্টে সাইন-ইন করা, জিমেইল অ্যাপ ব্যবহার বা গুগলের যে কোনো সেবা ব্যবহারের ওপর ভিত্তি করে অ্যাকাউন্টটি সক্রিয় আছে কি না তা নির্ধারণ করে গুগল।
কোনো ব্যক্তি যদি জীবিত অবস্থায় ‘ইনঅ্যাক্টিভ অ্যাকাউন্ট ম্যানেজার’ প্রস্তুত করে না যান সে ক্ষেত্রে সেই ব্যক্তির মৃত্যুর পর তার পরিবারের সদস্যরা সরাসরি গুগলের সঙ্গে যোগাযোগ করতে পারেন।
এর মাধ্যমে দুই বছরের স্ট্যান্ডার্ড নিষ্ক্রিয়তার মেয়াদ শেষ হওয়ার আগেই মৃত ব্যক্তির অ্যাকাউন্টটি বন্ধ করে দেওয়ার অনুরোধ জানানো সম্ভব।
এ প্রক্রিয়ায় অ্যাকাউন্টটি বন্ধ করা গেলেও পরিবারের সদস্যরা সেই অ্যাকাউন্টের ভেতরের কোনো ডেটা বা তথ্যের নাগাল পাবেন না।
মৃত্যুর পর অ্যাপল অ্যাকাউন্টের কী হয়?
গুগলের মতোই অ্যাপলেরও ব্যবহারকারীদের মৃত্যু পরবর্তী অ্যাকাউন্ট ও ডিজিটাল জীবন সামলানোর সুনির্দিষ্ট ব্যবস্থা রয়েছে। তবে এ সুবিধা পেতে হলেও জীবিত অবস্থায় কিছুটা দূরদর্শিতার পরিচয় দিয়ে আগাম প্রস্তুতি নিতে হয়।
অ্যাপলের নিয়মে একজন ব্যবহারকারী সর্বোচ্চ পাঁচজন ব্যক্তিকে ‘লিগ্যাসি কন্টাক্ট’ হিসেবে মনোনীত করে যেতে পারেন।
ব্যবহারকারীর মৃত্যুর পর মনোনীত ব্যক্তিরা তার আইক্লাউড ডেটা ও যোগ থাকা ডিভাইসগুলোতে প্রবেশাধিকারের আইনি অধিকার পান।
অ্যাপল অ্যাকাউন্ট সেটিংসের মাধ্যমে ‘লিগ্যাসি কন্টাক্ট’ নির্বাচন করা যায়। নির্বাচনের সঙ্গে সঙ্গেই বিশেষ ‘অ্যাক্সেস কি’ তৈরি হয়, যা ব্যবহারকারীর মৃত্যুর পর সেই প্রতিনিধির কাজে লাগে।
ব্যবহারকারীর মৃত্যুর পর মনোনীত প্রতিনিধি সেই ‘অ্যাক্সেস কি’ জমা দিয়ে ছবি, বার্তা বা মেসেজ, নোটস, ফাইল ও ডিভাইসের ব্যাকআপের মতো ব্যক্তিগত ডেটা ব্যবহারের সুযোগ পান।
এসব তথ্যাবলি পাওয়ার জন্য আইনি প্রমাণ হিসেবে অ্যাপল কর্তৃপক্ষের কাছে মৃত ব্যক্তির মৃত্যুসনদ জমা দেওয়া বাধ্যতামূলক।
প্রতিনিধি ব্যক্তি মৃত্যুসনদ ও ‘অ্যাক্সেস কি’ জমা দিলে অ্যাপল তাকে আইক্লাউড থেকে প্রয়োজনীয় ডেটা ডাউনলোডের জন্য তিন বছর সময় দেয়। এ সময়সীমা পার হওয়ার পর অ্যাকাউন্টটি স্থায়ীভাবে মুছে ফেলা হয়।
মনে রাখা জরুরি, লিগ্যাসি কন্টাক্ট হিসেবে মনোনীত ব্যক্তি অ্যাকাউন্টে কেনা বিভিন্ন ডিজিটাল, যেমন গান, সিনেমা বা বই ব্যবহারের অধিকার পাবেন না।
কারণ, ডিভিডি বা ছাপানো বইয়ের সংগ্রহের মতো ডিজিটাল মিডিয়া কোনো উত্তরাধিকারীর কাছে হস্তান্তর করার সুযোগ অ্যাপলের নীতিমালায় নেই।
এদিকে, ব্যবহারকারী যদি আগে থেকে ‘লিগ্যাসি কন্টাক্ট’ সেট করে না যান তবে নিষ্ক্রিয় অ্যাকাউন্ট মুছে ফেলার ক্ষেত্রে অ্যাপলের সময়সীমা গুগলের চেয়েও বেশ কম।
আইক্লাউডে টানা এক বছর কোনো সক্রিয়তা না থাকলে অ্যাপল থেকে একটি সতর্কতামূলক ইমেইল পাঠানো হয় ও তার ঠিক ৩০ দিন পর পুরো অ্যাকাউন্টটি চিরতরে মুছে ফেলা হয়।
