নারায়ণগঞ্জ সদর উপজেলার টানবাজারে অবৈধভাবে মজুত করা কর চালানপত্রবিহীন ৮৭ হাজার ৩৯০ কেজি বিদেশি ও স্থানীয় সুতা জব্দ করেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, নারায়ণগঞ্জ। উদ্ধারকৃত এই সুতার আনুমানিক বাজারমূল্য ৩ কোটি বিশ লাখ টাকা।
সোমাবার (১৯ অক্টোবর) সকালে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, নারায়ণগঞ্জের একটি প্রিভেন্টিভ টিম গোপন সংবাদের ভিত্তিতে এ বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানটি পরিচালনা করা হয় নারায়ণগঞ্জ সদরের টানবাজার জিমখানা এলাকার ‘এস. আর. ট্রেড’ (স্বত্বাধিকারী: রাজীব সাহা)-এর একটি অনিবন্ধিত গোডাউনে।
অভিযানকালে ওই গোডাউন থেকে কোনো প্রকার কর চালানপত্র ছাড়াই মজুত করা চায়না, মালয়েশিয়া ও ভিয়েতনাম অরিজিনের ৭৭ হাজার ৩৯০ কেজি অবৈধ পলিয়েস্টার ও নাইলন ইয়ার্ন উদ্ধার করা হয়। এর পাশাপাশি সেখানে ১০,০০০ কেজি কর চালানপত্রবিহীন স্থানীয় সুতাও পাওয়া যায়, যা তাৎক্ষণিকভাবে জব্দ করা হয়।
কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট নারায়ণগঞ্জ জানিয়েছে, জব্দকৃত সুতার ওপর প্রযোজ্য সরকারি রাজস্ব আদায় ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে ইতোমধ্যে প্রয়োজনীয় আইনি কার্যক্রম শুরু করা হয়েছে।
