আজকাল ওয়েবডেস্ক: বিজয়া দশমীতে ঐতিহ্য, ভালোবাসা ও পারিবারিক মিলনের বার্তা নিয়ে ডুয়ার্সজুড়ে পালিত হল গোর্খা সম্প্রদায়ের দশাই টিকা উৎসব। পরিবারের ছোট সদস্যদের কপালে টিকা পরিয়ে আশীর্বাদ করলেন বড়রা। উৎসবকে কেন্দ্র করে আলিপুরদুয়ার জেলার বিভিন্ন চা বাগান ও এলাকায় দেখা গেল আনন্দ ও উৎসাহের পরিবেশ।
গোর্খা সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় ও সামাজিক উৎসব হল দশাইন। এই উৎসবের বিজয়া দশমীর দিনে পরিবারের প্রবীণ সদস্যরা ছোটদের কপালে চাল, দই ও সিঁদুরের মিশ্রণে তৈরি টিকা পরিয়ে দেন। পাশাপাশি তাঁদের মাথায় হাত রেখে সুখ, সমৃদ্ধি, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। ছোটরাও বড়দের প্রণাম করে আশীর্বাদ গ্রহণ করে। এই প্রথার মধ্য দিয়ে পরিবারের সদস্যদের মধ্যে ভালোবাসা, শ্রদ্ধা ও আত্মিক বন্ধন আরও দৃঢ় হয়।
দশাইন শুধুমাত্র ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ নয়, গোর্খা সম্প্রদায়ের কাছে এটি পারিবারিক পুনর্মিলন ও সামাজিক সম্প্রীতিরও প্রতীক। ফুলপতি থেকে শুরু করে মহাষ্টমী, মহানবমী এবং বিজয়া দশমী পর্যন্ত বিভিন্ন আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে কয়েক দিন ধরে চলে উৎসবের আবহ। কর্মসূত্রে দূরে থাকা পরিবারের সদস্যরাও এই সময়ে বাড়িতে ফিরে প্রিয়জনদের সঙ্গে আনন্দ ভাগ করে নেন।
এদিন আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের ভাটপাড়া চা বাগানে রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী তথা কালচিনির বিধায়ক বিশাল লামার বাড়িতেও ঐতিহ্য মেনে পালিত হয় দশাই টিকা উৎসব। পরিবারের সদস্যদের সঙ্গে টিকা পরানো ও আশীর্বাদ বিনিময়ের মধ্য দিয়ে উৎসব উদযাপন করেন তাঁরা। সব মিলিয়ে বিজয়া দশমীতে দশাই টিকার মাধ্যমে ডুয়ার্সজুড়ে ফুটে উঠল ঐতিহ্য, পারিবারিক বন্ধন ও সম্প্রীতির ছবি।
https://www.youtube.com/watch?v=JwFdq_tA9cE
