শুষ্ক মৌসুমে বাড়ছে অগ্নিকাণ্ডের ঝুঁকি। সামান্য অসাবধানতা থেকেই ঘটে যেতে পারে ভয়াবহ দুর্ঘটনা, কেড়ে নিতে পারে প্রাণ, পুড়ে ছাই হতে পারে ঘরবাড়ি ও মূল্যবান সম্পদ। এ পরিস্থিতিতে আগুন প্রতিরোধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
রোববার সংস্থাটির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদ অগ্নিদুর্ঘটনা এড়াতে ১৩টি পরামর্শ দেন।
পরামর্শগুলোর মধ্যে রয়েছে, রান্না শেষে গ্যাসের চুলা ও সংযোগ বন্ধ রাখা, বৈদ্যুতিক তার ও যন্ত্রপাতি নিয়মিত পরীক্ষা করা এবং অতিরিক্ত বৈদ্যুতিক লোড এড়িয়ে চলা। পাশাপাশি জ্বলন্ত সিগারেটের অংশ সম্পূর্ণ নিভিয়ে ফেলা, শিশুদের আগুন ও দিয়াশলাই থেকে দূরে রাখা এবং দাহ্যবস্তুর কাছে খোলা আগুন ব্যবহার না করার নির্দেশনা দেওয়া হয়েছে।
এ ছাড়া ভবনে অগ্নিনিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়ন, প্রয়োজনীয় অগ্নিনির্বাপণ যন্ত্র রাখা, নিয়মিত মহড়া এবং অগ্নিনিরাপত্তাবিষয়ক প্রশিক্ষণ নেওয়ার ওপর গুরুত্ব দিয়েছে সংস্থাটি।
দীর্ঘদিন বন্ধ থাকা ঘরে প্রবেশের আগে দরজা-জানালা খুলে বাতাস চলাচলের ব্যবস্থা করতে হবে। গ্যাসের গন্ধ পেলে কোনো বৈদ্যুতিক সুইচ চালু করা বা আগুন জ্বালানো যাবে না।
জরুরি প্রয়োজনে ফায়ার সার্ভিসের ১০২ অথবা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।
ফায়ার সার্ভিসের বার্তা স্পষ্ট, দুর্ঘটনার পর নয়, আগেই সতর্ক হোন। আপনার একটু সচেতনতাই বাঁচাতে পারে জীবন ও সম্পদ।
