খুলনা গেজেট অক্টোবর ১৪, ২০২৬ ৮:৫৮ পূর্বাহ্ণ
সাতক্ষীরার দেবহাটায় আল্লাহ, রাসুল (সা.), পবিত্র কোরআন ও সাহাবীদের নিয়ে কটুক্তির অভিযোগে গণপিটুনির শিকার ওয়াহিদুজ্জামান শামীম (৪৩) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) উপজেলার সুবর্ণবাদ এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত ওয়াহিদুজ্জামান শামীম সাতক্ষীরার দেবহাটা উপজেলা বড়শান্তা গ্রামের মৃত শামসুর রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয় একাধিক নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, ওয়াহিদুজ্জামান শামীম কর্তৃক সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আল্লাহ, রাসুল (সা.), পবিত্র কোরআন ও সাহাবীদের নিয়ে কটুক্তিমূলক পোস্ট দেওয়ার অভিযোগে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। একপর্যায়ে মঙ্গলবার বিকেলে তাওহিদি জনতা দেবহাটার সুবর্ণবাদ এলাকায় শামীমকে পেয়ে তাকে আটক করে গণধোলাই দেয়। গণপিটুনির শিকার হয়ে গুরুতর আহত হয় শামীম। এসময় জরুরি সেবা ৯৯৯ নাম্বার থেকে কল পেয়ে সন্ধ্যায় দেবহাটা থানা পুলিশ শামীমকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। এক পর্যায় ক্ষুব্ধ জনতা হাসপাতালে গিয়ে তার উপর চড়াও হলে পুলিশ তাকে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
দেবহাটা থানার ডিউটি অফিসার এ এস আই ইব্রাহিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
খুলনা গেজেট/এনএম
